নারায়ণগঞ্জের সেই স্কুল কমিটি বাতিল, শিক্ষক পুনর্বহাল
শিক্ষককে মারধর ও কান ধরে উঠ-বস করানোর ঘটনা নিয়ে সারাদেশে প্রতিবাদের মধ্যে নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের স্কুল পরিচালনা পর্ষদ বাতিল করেছে সরকার; অবৈধ ঘোষণা করা হয়েছে ওই শিক্ষককে বরখাস্তের আদেশ।
‘রিপোর্ট পেলে অ্যাকশনে’ যাওয়ার ঘোষণা দেওয়ার পরদিন বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে জানান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রাথমিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।
ওই শিক্ষাককে লাঞ্ছিত করার আগে ধর্ম অবমাননার যে অভিযোগ আনা হয়েছিল, প্রাথমিক তদন্তে তার সত্যতা মেলেনি বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, স্কুল কমিটি প্রধান শিক্ষককে বরখাস্ত করার ক্ষেত্রে নিয়ম-নীতি অনুসরণ করেনি। যে সভায় বরখাস্তের সিদ্ধান্ত হয়েছে, তার এজেন্ডায় ওই বিষয়ই ছিল না।
“অন্য এজেন্ডা আলোচনা করে তারা অন্যায়ভাবে সেই শিক্ষককে বরখাস্ত দেখিয়েছেন।তাদের ওই সিদ্ধান্ত বেআইনি। সুতরাং প্রধান শিক্ষাক তার পদে বহাল আছেন। তিনি তার দায়িত্ব পালন করে যাবেন।”
ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত শুক্রবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি স্কুলের প্রধান শিক্ষককে একদল লোক মারধর করে। পরে তাকে কান ধরিয়ে উঠ-বস করান স্থানীয় সাংসদ সেলিম ওসমান।
দেশজুড়ে ওই ঘটনার প্রতিবাদ ও দোষীদের বিচার দাবির মধ্যেই মঙ্গলবার সেই শিক্ষককে চাকরিচ্যুত করে স্কুল কর্তৃপক্ষ।
এ ঘটনায় জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম ওসমানসহ জড়িত অন্যদের ক্ষমা চাওয়ার আহ্বান জানায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। ওই শিক্ষককে চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়ে ১৪ দলের পক্ষ থেকে বলা হয়, ওই কাজ করে সেলিম ওসমান সাংসদ পদের মর্যাদা ক্ষুণ্ন করেছেন।
ওই ঘটনায় সাংসদ সেলিম ওসমানসহ যাদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না- তা জানতে চেয়ে বুধবার রুল জারি করে হাই কোর্ট।
বিষয়টি তদন্ত করে দেখতে সোমবার মাউশির ঢাকা অঞ্চলের পরিচালক মো. ইউসুফ আলীকে প্রধান করে একটি কমিটি করা হলে সদস্যরা মঙ্গলবার কাজ শুরু করেন। প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাতে বৈঠক করে স্কুল পরিচালনা পর্ষদ বাতিলের সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।
এরপর সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ ব্রিফিংয়ে এসে শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, “আমরা এই তদন্তের মাধ্যমে দেখতে পাচ্ছি, স্কুল কমিটির যে দায়িত্ব ও যোগ্যতা বা ভূমিকা থাকা উচিত, কমিটি তার যোগ্য নয়। অযোগ্যতা এবং দায়িত্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন কাজের জন্য আমরা সেই পুরা কমিটি বাতিল ঘোষণা করছি।”
আপাতত নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের নেতৃত্বে স্কুল পর্ষদ পরিচালনার জন্য একটি কমিটি করে দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
ওই শিক্ষাকের বিরুদ্ধে ধর্ম অবমাননার যে অভিযোগ তোলা হয়েছে, তার সত্যতা প্রাথমিক তদন্তে মেলেনি জানিয়ে তিনি বলেন, “এই ধরনের কিছু আমরা এখনো পাই নাই। অভিযোগটা ভিন্ন। অন্য একটা ইস্যু নিয়ে…. এটা ৮ তারিখের ঘটনা। জিনিসটা যে রকম হয়েছে, এই জন্য আমরা সময় নিচ্ছি। পুরা জিনিসটা তদন্ত করে খুঁটিনাটি বিষয়ে ব্যবস্থা নিতে হবে। আইন কানুন বিধি অনুসারে আমাদেরকে এগোতে হবে।”
ওই শিক্ষকের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা কোনো সভ্য দেশে বা সভ্য সমাজে গ্রহণযোগ্য না বলে মন্তব্য করেন মন্ত্রী।
তিনি বলেন, “ব্যক্তি হিসেবে কেউ কোনো ত্রুটি করলে তার জন্য আইন আছে, বিধি আছে- এ বিষয়ে কোনো প্রশ্ন নাই। কিন্তু এটা মনে রাখতে হবে, শিক্ষকরা আমাদের শ্রদ্ধার পাত্র। তারাই আমাদের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার মূল শক্তি।
শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
