২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘটের পর মজুরি বাড়ল সদরঘাটের দর্জি শ্রমিকদের

পুরান ঢাকার সদরঘাটের দর্জি শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিতে সাড়া দিয়েছে মালিকরা। প্রতি শার্ট সেলাইয়ে ২ টাকা মজুরি বাড়ানোর ঘোষণার পর শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2016, 08:47 PM

Updated : 20 Aug 2022, 12:44 PM

গত কয়েকমাস ধরে প্লেন ফুল শার্ট সেলাই মজুরি ৩০ টাকা ও হাফ শার্টে ২৫ টাকা মজুরির দাবিতে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের নেতৃত্বে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন শ্রমিকরা।

জেলা প্রশাসক ও মালিকপক্ষকে স্মারকলিপি দিয়ে সাড়া না পেয়ে বুধবার অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন শ্রমিকরা।

সকাল ৯টা থেকেই বিভিন্ন কারখানার শ্রমিকরা সদরঘাটের লেডিস মার্কেটের মূল ফটক বন্ধ করে বিক্ষোভ শুরু করে।

এরপর দুপুরে মালিক পক্ষের সঙ্গে বৈঠক হয় বলে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সূত্রাপুর থানার সংগঠক রাজীব চক্রবর্তী জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয় প্রশাসন, শ্রমিক প্রতিনিধি ও মালিক প্রতিনিধিদের এক জরুরি সভায় প্রতি শার্ট সেলাইয়ে ২ টাকা মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত হয়, যা বুধবার রাত থেকেই কার্যকর হবে।

“এই ঘোষণার পরিপ্রেক্ষিতে আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।”