২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপস্থাপিকা নিপার সন্ধানে থানায় জিডি

মাছরাঙা টেলিভিশনের উপস্থাপক নিপা আফরোজের সন্ধান না পেয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2016, 08:36 PM

Updated : 20 Aug 2022, 12:44 PM

সোমবার রাত থেকে নিপার কোনো খোঁজ মিলছে না জানিয়ে এই জিডিতে অন্তর্ধানের বিষয়ে তার সাবেক স্বামীর কোনো হাত থাকতে পারে বলে সন্দেহের কথা জানানো হয়েছে।  

নিপা কোথায় আছে- জানতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক হুমায়ূন কবির।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার ভোররাতে নিপার বান্ধবী রাজিয়া সুলতানার স্বামী রাকিব উদ্দিন আহমেদ সাধারণ ডায়েরিটি করেন।

এতে বলা হয়েছে, সোমবার রাত ৯টা ১৮ মিনিটে নিপার সঙ্গে রাজিয়ার মোবাইল ফোনে কথা হয়েছিল। নিপা রাজিয়াকে অভিযোগ করেছিলেন যে তার দ্বিতীয় স্বামী রুহুল আমিন তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন।

তার কিছুক্ষণ পরই নিপার মোবাইল ফোন বন্ধ হয়ে যায় এবং তার কোনো সন্ধান এরপর থেকে পাওয়া যাচ্ছে না বলে জানান রাকিব।

গুলশান থানার পরিদর্শক মো. সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত মাস থেকে নিপার দ্বিতীয় স্বামী রুহুল আমিনের সঙ্গে তার বিরোধ চলছিল। নিপা স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন দমন আইনে মামলা করলে রুহুলকে কারাগারেও যেতে হয়।

রুহুল জামিনে বেরিয়ে নিপাকে মোবাইল ফোনে হুমকি দিচ্ছিলেন বলে সোমবার সন্ধ্যার পর গুলশান থানায়ও একটি জিডি করা হয়।

নিপার সঙ্গে ওই রাতে কথা হয়েছে তার এক আত্মীয় নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যায় গুলশান থানা থেকে বের হয়ে নিপা ফোনে জানায়, সে একটি সিএনজিতে রয়েছে। একটি গাড়ি তাকে ফলো করছে।

“এরপর মনে হল, কোনো গাড়ি নিপার সিএনজির গতিরোধ করেছে। মনে হল, কেউ বলছে সিএনজি থেকে নাম…মামলা নিয়ে কথা আছে। নিপা বলছিল….কেন নামব…এরপর থেকে তার ফোন বন্ধ পাই।”

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আবদুল করিম বলেন, “নিপা গুলশান থানায় তার জিডিতে যে নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছিলেন, সেই নম্বরের কললিস্ট পরীক্ষা করে নিপাকে কল করার প্রমাণ পাওয়া যায়নি।”

নিপার অন্তর্ধানের বিষয়ে মাছরাঙা টেলিভিশনের কেউ কোনো কথা বলতে চাচ্ছেন না। কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, বিষয়টি ‘ধোঁয়াশা’।