২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতা: বুলু, ফারুকসহ ২৮ জনকে গ্রেপ্তারের নির্দেশ

রাজধানীর পল্টন থানায় নাশকতার এক মামলায় বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, জয়নুল আবেদিন ফারুকসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2016, 03:22 PM

Updated : 20 Aug 2022, 12:45 PM

ঢাকার এক নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক (মহানগর দায়রা জজ) কামরুল হোসেন মোল্লা বুধবার এ মামলার অভিযোগপত্র গ্রহণ করে পলাতক আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারির এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস পাল জানান, পলাতক ২৮ আসামিকে গ্রেপ্তার করা গেল কী না- সে বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য ১১ জুলাই দিন রেখেছেন বিচারক।

আসামিপক্ষের অন্যতম আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জানান, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তাদের মধ্যে বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, জয়নুল আবদীন ফারুক, খায়রুল কবির খোকন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, ডা. এ জেড এম জাহিদ হোসেন ও সাইফুল ইসলাম নিরব রয়েছেন। 

মেজবাহ জানান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুর বিরুদ্ধেও আদালত এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।এর দুই ঘণ্টার মাথায় মিন্টু আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তার জামিন মঞ্জুর করেন।

এ মামলার ৫৩ আসামির মধ্যে আসামি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমানউল্লাহ আমান ও শামসুজ্জামান দুদুও বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন বলে জানান মেজবাহ।

মামলার নথি থেকে জানা যায়, নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে বিএনপি-জামায়াত জোটের আন্দোলনের মধ্যে ২০১৫ সালের ৫ জানুয়ারি বিএনপি কার্যালয়ের পাশে ভিআইপি রোডে পেট্রোল বোমা ও হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।

পল্টন থানা পুলিশ ওইদিনই ৫৩ জনকে আসামি করে মামলা করে। চলতি বছর ৭ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা।

সেই তদন্ত প্রতিবেদন আমলে নিয়েই আদালত পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল।