২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৩৮ বছর পূর্তি

চলচ্চিত্র সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে বলে মন্তব্য করেছেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মর্তুজা আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2016, 07:51 PM

Updated : 12 Apr 2022, 02:04 AM

মঙ্গলবার ‘বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৩৮ বছর পূর্তি’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, “চলচ্চিত্র একটি শক্তিশালী মাধ্যম; সমাজ ও সভ্যতার অনেক চিত্রই এর মাধ্যমে ফুটিয়ে তোলা সম্ভব।

“সমাজে পরিবর্তনে চলচ্চিত্র অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

আর তাই বাংলাদেশের সব স্বাধীন চলচ্চিত্র সংরক্ষণ করে পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও তথ্য মন্ত্রণালয় কাজ করে যাবে বলেও জানান তিনি।

দুপুরে শাহবাগ জাতীয় গণগ্রন্থগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এই আলোচনা সভা হয়, যাতে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সভাপতিত্ব করেন।

আর দুই বছর পর ফিল্ম আর্কাইভের ৪০ বছর পূর্ণ হতে যাচ্ছে জানিয়ে সভায় জাহাঙ্গীর হোসেন বলেন, “এখন থেকেই যদি আমরা স্বাধীন চলচ্চিত্রগুলো সংরক্ষণের কাজ শুরু করি, তাহলে আগামী দুই বছরের মধ্যে অর্থাৎ ৪০ বছর পূর্তির মধ্যে অনেক চলচ্চিত্র সংরক্ষণ করতে পারব।

“আমাদের এই চলচ্চিত্রসমূহ শুধু সংরক্ষণ করে রাখলে হবে না, প্রদর্শনও করতে হবে।”

সভায় চলচ্চিত্র ব্যক্তিত্ব মানজারে হাসীন মুরাদ, অভিনেতা আকবর হোসেন পাঠান (ফারুক) ও পেয়ারী বেগম ও চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজারসহ অন্যরা উপস্থিত ছিলেন।