আসামিকে বিলম্বে আদালতে হাজির, ব্যাখ্যা চেয়েছে হাই কোর্ট
অস্ত্র আইনে করা একটি মামলায় এক আসামিকে বিলম্বে আদালতে হাজির করার বিষয়ে মামলার বাদী এক পুলিশ কর্মকর্তার কাছে ব্যাখ্যা চেয়েছে হাই কোর্ট।
নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে ওই আসামির করা এক আপিল শুনানির জন্য গ্রহণ করে মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
এতে র্যাব-১ এর তৎকালীন উপ-পরিদর্শক (নিরস্ত্র) ফারুক ফকিরকে দুই সপ্তাহের মধ্যে লিখিতভাবে বিলম্বের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
২০১৫ সালের এই অস্ত্র মামলায় জামিন নামঞ্জুর করে দেওয়া নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে ওই আপিল করেন আসামি মো. খায়রুল আলম সুজন।
আদালতে আপিলকারী পক্ষে শুনানি করেন আইনজীবী শ ম রেজাউল করিম। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম খান।
শহীদুল ইসলাম খান পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুজনের আপিলটি শুনানির জন্য গ্রহণ করে আদালত ৭ জুন পরবর্তী দিন রেখেছে।
রাষ্ট্রপক্ষের এই আইনজীবী আরও জানান, গত বছরের ২৭ ফেব্রুয়ারি দিবাগত রাতে র্যাব-১ এর তখনকার এসআই (নিরস্ত্র) ফারুক ফকিরের নেতৃত্বে একটি দল জয়দেবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে সুজনসহ দুইজনকে গ্রেপ্তার করে।
জয়দেবপুরের বাঘেরবাজারের পুষ্মধাম রিসোর্টের আবাসিক হোটেলের চতুর্থ তলায় এ অভিযানের সময় সুজনের কোমরে প্যান্টের সঙ্গে থাকা দুই রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল পাওয়ার কথা জানায় পুলিশ।
এ ঘটনায় পরদিন অস্ত্র আইনের ১৯(এ) ধারায় জয়দেবপুর থানায় তাদের বিরুদ্ধে মামলা করেন ফারুক ফকির।
“অথচ দেখা যায়, ওই বছরের ১ মার্চ সুজনকে আদালতে হাজির করা হয়। ফৌজদারি কার্যবিধি অনুসারে কোনো আসামিকে গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার বিধান আছে, এক্ষেত্রে এর ব্যত্যয় ঘটেছে,” বলেন শহীদুল।
এই বিলম্বের বিষয়ে ফারুক ফকিরকে দুই সপ্তাহের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
