২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাজিমুদ্দিন হত্যা মামলায় একজন রিমান্ডে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিমুউদ্দিন সামাদ হত্যা মামলায় এক আসামিকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2016, 11:23 PM

Updated : 20 Aug 2022, 12:43 PM

পুলিশ বলছে, আসামি মেহেদি হাসান অমি ওরফে রাফী আনসারউল্লাহ বাংলাটিমের সদস্য।

ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলাম সোমবার তাকে হেফাজতে নেওয়ার এ আদেশ দেন।

আদালত পুলিশের প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার মিরাশ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকার বাড্ডা থানার সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গত ১৯ এপ্রিল সিলেট থেকে মেহেদিকে গ্রেপ্তার করা হয়।

নাজিমুদ্দিন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. শাহজাহান তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ১০ দিন রিমান্ড চান।

রিমান্ড আবেদনে বলা হয়, মেহেদির বাড়ি সিলেটের আম্বরখানা এলাকায়, আর নিহত নাজিমুদ্দিনের বাড়ি সিলেটের বিয়ানীবাজারের টুক ভরাউট গ্রামে।

সিলেট শহরের আম্বরখানা দরগাগেইট এলাকার মেসে থেকে পড়াশোনা করা নাজিম সেখানকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন।

ব্লগার নিলয় নীল হত্যার কিছুদিন পর আম্বরখানা এলাকায় চা খাওয়ার সময় নাজিমকে আক্রমণের জন্য কয়েকজন অনুসরণ করে। পরে তিনি বিষয়টি বুঝতে পেরে মেসে চলে যান।

আবেদনে আরও বলা হয়, আসামি মেহেদি হাসান নাজিমুদ্দিনকে অনুসরণকারীদের অন্যতম।

নাজিম পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও পূর্বপরিকল্পনা অনুযায়ী এই আসামিসহ অন্যরা তার হত্যাকাণ্ড জড়িত বলে গভীরভাবে সন্দেহ করা হচ্ছে।

ঘটনার রহস্য উদঘাটনের জন্য মেহেদিকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আবেদনে বলা হয়।

ধর্মান্ধতার বিরুদ্ধে অনলাইনে লেখালেখিতে সক্রিয় নাজিমুদ্দিন সামাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সান্ধ্যকালীন বিভাগের ছাত্র ছিলেন। গত ৬ এপ্রিল রাত ৯টার দিকে বাসায় ফেরার সময় সূত্রাপুরের একরামপুরে এলোপাথাড়ি কুপিয়ে ও গুলি করে তাকে হত্যা করা হয়।