‘কারিগরি ক্রটি’: এসএসসি পরীক্ষার্থীর উত্তরপত্র পুনঃনিরীক্ষার নির্দেশ
সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে জিপিএ-৫ পাওয়া এক শিক্ষার্থীর গণিতের উত্তরপত্র তিনদিনের মধ্যে পুনঃনিরীক্ষার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
গণিতের দুটি সেট উত্তরপত্রপত্র মূল্যায়নে ‘কারিগরি ত্রুটির’ অভিযোগ তুলে মায়িশা ফারজানা নামের ওই শিক্ষার্থীর করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।
রুলে ওই শিক্ষার্থীর গণিতের উত্তরপত্র পুনঃনিরীক্ষা করে কেন নতুন করে ফল ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
শিক্ষা সচিব, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক এবং স্কুল পরিদর্শককে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনকারী পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ, সঙ্গে ছিলেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার ও সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।
ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বোর্ড চেয়ারম্যান কর্তৃক মনোনীত তৃতীয় একজন পরীক্ষক দিয়ে মায়িশা ফারজানার গণিতের নৈর্ব্যক্তিক ও লিখিত পরীক্ষার উত্তরপত্র তিনদিনের মধ্যে প্রধান শিক্ষক ও মায়িশার উপস্থিতিতে পুনঃনিরীক্ষা করতে নির্দেশ দেওয়া হয়েছে।”
গত ১১ মে এসএসসি ও সমমানের ফল প্রকাশিত হয়।
এরপর ১৩ মে একটি জাতীয় দৈনিকে ‘চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ : এসএসসসির গণিত পরীক্ষার ফল পুননিরীক্ষণের দাবি’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, শিক্ষার্থীদের অভিযোগ- গণিত বিষয়ে নৈর্ব্যক্তিক ‘গ’ ও ‘ঘ’ সেটের প্রশ্নপত্রের উত্তর মূল্যায়ণের সময় ক্রটির কারণে সঠিক ফলাফল আসেনি।
বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, যেহেতু কম্পিউটারের মাধ্যমে নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রের উত্তর মূল্যায়ন করা হয়, কারিগরি ত্রুটি হওয়াটা অস্বাভাবিক নয়। গুরুত্বের সঙ্গে পঙ্খানুপুঙ্খভাবে আবেদনকারীদের ফলাফল পুনর্মূল্যায়ন করা হবে। কলেজে ভর্তির ক্ষেত্রেও এসব শিক্ষার্থীর কোনো সমস্যা হবে না।
তবে ডা. খাস্তগীর সরকার বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯৫ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা গণিত উত্তরপত্র পুনঃনিরীক্ষার জন্য বোর্ড চেয়ারম্যানে কাছে ১২ মে লিখিত আবেদন করে।
এতে সাড়া না পেয়ে ১৫ মে শিক্ষার্থী মায়িশা ফারজানার পক্ষে তার বাবা হাই কোর্টে রিট করেন, যা সোমবার শুনানির জন্য ওঠে।
