বিহারি ক্যাম্পের অবাঙালিদের ‘উচ্ছেদ করা যাবে না’
রাজধানীর মিরপুরের পল্লবী বিহারি ক্যাম্প এলাকায় বসবাসরত অবাঙালিদের অবস্থানের বিষয়ে ছয় সপ্তাহের জন্য স্থিতাবস্থা বজায় রাখতে উভয় পক্ষকে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
এই আদেশের ফলে বিহারি ক্যাম্পে বসবাসরত অবাঙালিদের উচ্ছেদ করা যাবে না বলে জানিয়েছেন আবেদনকারীপক্ষের আইনজীবী।
হাই কোর্টের রায়ের পর উচ্ছেদ কার্যক্রমে স্থিতাবস্থা চেয়ে করা পৃথক দুই আবেদন শুনে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।
পল্লবী বিহারী ক্যাম্পসহ দেশের বিভিন্ন স্থানে নির্ধারিত এলাকায় বসবাসরত উর্দুভাষীসহ অন্যদের উচ্ছেদ করার পদক্ষেপের বিরুদ্ধের করা পৃথক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে ২৯ মার্চ পর্যবেক্ষণসহ রিট খারিজ (রুল ডিসচার্জ) করে রায় দেয় হাই কোর্ট।
পর্যবেক্ষণে সরকারের পরিকল্পনা অনুসারে এসব ক্যাম্পে বসবাসকারী উর্দুভাষীদের মধ্যে যাদের জাতীয় পরিচয়পত্র আছে তাদের পর্যায়ক্রমে পুর্নবাসন করতে বলে হাই কোর্ট।
এতে ক্যাম্প নির্ধারিত এলাকার বাইরে সরকারি জায়গায় অবৈধভাবে বাসরত উর্দুভাষীসহ অন্যদের উচ্ছেদে বাধা কাটে বলে তখন রাষ্ট্রপক্ষ ও রিট আবেদনকারী পক্ষের আইনজীবীরা জানান।
পল্লবীর ক্যাম্প নিয়ে হাই কোর্টের রায়ের বিরুদ্ধে স্থিতাবস্থা চেয়ে ৩০ মার্চ দুটি আবেদন করে রিট আবেদনকারীপক্ষ।
আবেদনে বলা হয়, হাই কোর্ট রুল খারিজ করে দিয়েছে। ফলে পল্লবী এলাকার ক্যাম্প থেকে অবাঙালিদের উচ্ছেদ করার আশঙ্কা থাকায় স্থিতাবস্থা চাওয়া হচ্ছে।
পরে চেম্বার বিচারপতি বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেয়। এর ধারাবাহিকতায় সোমবার আবেদন দুটি শুনানির জন্য আপিল বিভাগে ওঠে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে আবেদনকারী পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ।
রিট আবেদনকারীদের অন্যতম আইনজীবী হাফিজুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আপিল বিভাগ পল্লবী ক্যাম্পে অবস্থানের ওপর উভয়পক্ষকে (সরকারপক্ষ ও আবেদনকারী) স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দিয়েছে। ফলে পল্লবী বিহারি ক্যাম্পে বসবাসরত অবাঙালিদের উচ্ছেদে করা যাবে না।
“হাই কোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পেলে নিয়মিত লিভ টু আপিল করা হবে। এজন্য স্থিতাবস্থা বজায় রাখার আবেদন করা হয়।”
মামলার বিবরণে জানা যায়, ১৯৯৫-১৯৯৬ সালে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ পল্লবীর থানার অন্তর্ভুক্ত ক্যাম্পের আশ-পাশের জমি বিভিন্ন ব্যক্তিকে বরাদ্দ দেয়। পরে সিটি করপোরেশন ২০০২ সালের ৫ ফেব্রুয়ারি পুলিমের সহয়তায় পল্লবীতে কিছু দোকান-পাট উচ্ছেদের উদ্যোগ নিলে ‘উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহাবিলিটেশন মুভমেন্টের সভাপতি সাদাকাত খান (ফাক্কু) ও শাহিদ আলী বাবলু হাই কোর্টে একটি রিট করে। এর ওপর প্রাথমিক শুনানি নিয়ে হাই কোর্ট রুল জারির পাশাপাশি ওই কার্যক্রমে স্থগিতাদেশ দেয়।
জমি বরাদ্দ দেওয়ার ধারাবাহিকতায় ২০০৩ সালে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ওই এলাকার ২২টি প্লট বরাদ্দ গ্রহীতার বরাবরে দখল হস্তান্তরের জন্য প্রত্রিকায় বিজ্ঞপ্তি দেয়। এসব প্লটে বিহারিরা বসবাস করে দাবি করে ওই দখল হস্তান্তরের চিঠি অবৈধ ঘোষণা চেয়ে আরেকটি রিট করে। এ রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাই কোর্ট রুল ও স্থগিতাদেশ দেয়।
এ দুটিসহ পৃথক নয়টি রিট আবেদনের প্রেক্ষিতে আসা রুলের ওপর একসঙ্গে শুনানি শেষে ২৯ মার্চ হাই কোর্ট রায় রায় ঘোষণা শেষ করে।
