২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমা‌ন্ত হত্যায় যৌথ তদন্ত করবে বিজিবি-বিএসএফ

বাংলাদেশ ও ভারতের ‌সীমান্তে হত্যার ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী যৌথভাবে তদন্ত করবে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2016, 01:10 PM

Updated : 20 Aug 2022, 12:44 PM

ঢাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে ছয়‌ দিনব্যাপী স‌ম্মেলন শে‌ষে সোমবার সকালে পিলখানায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একথা জানান তি‌নি।

বিজিবি প্রধান ব‌লেন, “সীমান্ত হত্যা শূ‌ন্যের কোঠায় না‌মি‌য়ে আনার জন্য আমরা কাজ করেছি। সীমা‌ন্তে হত্যাসহ যে কোনো ঘটনা ঘটলে দুদেশ যৌথভা‌বে তার তদন্ত করবে।”

সম্মেলনে সম্প্রতি চুয়াডাঙ্গায় এক কৃষককে গুলি করে হত্যার ঘটনায় দুঃখপ্রকাশ করেন বিএসএফ মহাপ‌রিচালক কে কে শর্মা।

তিনি বলেন, ওই ঘটনায় বিএসএফের সাত সদস্য জড়িত থাকার অভিযোগ উঠায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। আইন অনুযায়ী তাদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

গত ১১মে শুরু হওয়া ছয়দিন ব্যাপী এই সম্মেলনে সীমান্তে চোরাচালান, মাদক পাচার এবং পারস্পারিক আস্থা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।

সীমান্তে বিএসএফ’র গুলির বিষয়ে বিএসএফ মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, ব্যক্তিগত নিরাপত্তাহীনতা দেখা না দিলে বিএসএফ গুলি করে না। তবে কিভাবে গুলি করার বিষয়টি একেবারে শূন্যের কোটায় নামিয়ে আনা যায় সে বিষয়ে বিকল্প চিন্তা করা হচ্ছে।

সম্মেলনে বিজিবির পক্ষে ২৩ সদস্যের আর বিএসএফের পক্ষে ২০ সদস্যের প্রতিনিধি ছিলেন।

এবারের সম্মেলনে আলোচ্য বিষয়ের মধ্যে ছিল সীমান্ত এলাকায় নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের গুলি/হত্যা/আহত করা, সীমান্তের অপর প্রান্ত থেকে বাংলাদেশে মাদক ও নেশাজাতীয় দ্রব্যের চোরাচালান বন্ধ, বাংলাদেশি নাগরিকদের আটক, অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম, অস্ত্র ও বিস্ফোরক পাচার, আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে উন্নয়নমূলক নির্মাণ কাজ এবং উভয় দেশের সীমান্তে নদীর তীর সংরক্ষণ কাজে সহায়তা।

এছাড়া উভয় বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা বাড়ানোর উপায় নিয়ে সম্মেলনে আলোচনা হয়।

সম্মেলনকালে উভয় দেশের মধ্যে বিদ্যমান পারস্পরিক সুসম্পর্ক জোরদার ও সৌহার্দ বৃদ্ধির অংশ হিসেবে ভারতীয় প্রতিনিধিরা দেশের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন।

যৌথ দলিল স্বাক্ষরের মধ্যদিয়ে সম্মেলন আনুষ্ঠানিকভাবে শেষ হয়। একইদিন ভারতীয় প্রতিনিধিদল স্বদেশের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।