২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমান অধিকার ‘শুধু মুখে’

সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোটে নির্বাচিত হলেও দায়িত্ব পালনের ক্ষেত্রে বঞ্চনার অবসান এখনও হয়নি বলে এক মতবিনিময় সভায় উঠে এসেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2016, 06:38 PM

Updated : 11 Oct 2022, 08:14 PM

রোববার বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত এক সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কয়েকজন নারী কাউন্সিলর এনিয়ে তাদের ক্ষোভের কথা জানান।

নারী সহকর্মীদের এই বঞ্চনার বিষয়টির স্বীকারোক্তি এসেছে সরাসরি ভোটের ওয়ার্ডগুলোর নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলরদের কাছ থেকেও।

সিরডাপ মিলনায়তনে ‘শক্তিশালী, কার্যকর সিটি করপোরেশন ও নিরাপদ, নারীবান্ধব ঢাকা মহানগর’ শীর্ষক এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম।

মূল আলোচক ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।

Image
শাহানা পারভীন মিতুর কণ্ঠে ছিল ক্ষোভের সুর

শাহানা পারভীন মিতুর কণ্ঠে ছিল ক্ষোভের সুর

সভায় নারী কাউন্সিলর শাহনাজ পারভীন নীতু সংরক্ষিত নারী আসনে পুরুষের সমান বরাদ্দ নেই জানিয়ে এই বৈষম্য দূর করার দাবি জানান।

১৯৯৭ সালে আইন করার আগে সংরক্ষিত আসনে নারী কাউন্সিলরা মনোনীত হতেন।

সরাসরি ভোটে নারী কাউন্সিলরা নির্বাচিত হওয়ার পরও অবস্থা ও ক্ষমতার পরিবর্তন হয়নি বলে জানান ঢাকা উত্তরের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজান।

নারী কাউন্সিলর শামীমা রহমান ক্ষোভের সঙ্গেই বলেন, “মুখে বলি সমান অধিকার, সমান অধিকার। কিন্তু কাজের বেলায় কিছুই হচ্ছে না।”

উত্তরের ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেওয়ান আব্দুল মান্নান বলেন, “গেজেটে কাউন্সিলরদের দাপ্তরিক কাজ করার নির্দেশনা রয়েছে। কিন্তু সংরক্ষিত নারী কাউন্সিলরদের দাপ্তরিক কাজের কোনো নির্দেশনা নেই।”

Image
তৌফিক ইমরোজ খালিদী গুরুত্ব দিয়েছেন নারীর সমতায়নে

তৌফিক ইমরোজ খালিদী গুরুত্ব দিয়েছেন নারীর সমতায়নে

Image
নারী সহকর্মীদের বঞ্চনার বিষয়টি স্বীকার করেছেন আব্দুল মান্নান

নারী সহকর্মীদের বঞ্চনার বিষয়টি স্বীকার করেছেন আব্দুল মান্নান

তৌফিক ইমরোজ খালিদী বলেন, “তিনটি ওয়ার্ড মিলে একজন সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হচ্ছেন। কিন্তু তারা কি তিনজন কাউন্সিলরের সমান ক্ষমতা পাচ্ছেন?

“নারীদের ক্ষমতায়ন হয়েছে, কিন্তু সমতায়ন হয়নি।”

নারীর ক্ষমতায়নের প্রশ্নে তিনি নারী উন্নয়ন নীতিমালা গ্রহণের পরও ইসলামী গুটিকয়েক দলের হুমকিতে সরকার থেকে শুরু করে সব পর্যায়ের পিছু হটার বিষয়টি হতাশার সঙ্গে তুলে ধরেন।

 তৌফিক খালিদী এই প্রসঙ্গে পাকিস্তান আমলে মুসলিম পারিবারিক আইন সংস্কারের তথ্যটি তুলে ধরে বলেন, এখন সেই পর্যায়ের সাহসও দেখানো হচ্ছে না।  

অনুষ্ঠানে মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানুর স্বাগত বক্তব্যের পর সিটি করপোরেশন কার্যকর ও নারীবান্ধব করার প্রস্তাব উপস্থাপন করেন সংগঠনের আন্দোলন সম্পাদক কাজী সুফিয়া আখ্তার।

আধুনিক, নিরাপদ, সবুজ ও নারীবান্ধব ঢাকা গড়ে তোলার লক্ষ্যে সিটি মেয়র ও কাউন্সিলরদের কাছে ২৯ দফা সুপারিশ তুলে ধরে বাংলাদেশের সবচেয়ে পুরনো নারী সংগঠন মহিলা পরিষদ।

ঢাকা শহরে যানজট নিরসন, পানি-গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান, পর্যাপ্ত ও মানসম্পন্ন শৌচাগার নির্মাণ, ফুটপাত পরিচ্ছন্ন রাখা, খেলার মাঠ ও পার্ক বাড়ানো, গণপাঠাগার বাড়ানো, নিরাপত্তা নিশ্চিত, নারীদের নিরাপদে চলাফেরা নিশ্চিত করাসহ বিভিন্ন দাবি তুলে ধরে সংগঠনটি।

এই ক্ষেত্রগুলোর অনেকগুলো সিটি কর্পোরেশনের এখতিয়ারের বাইরে থাকলেও যেগুলো রয়েছে, সেগুলোর বিষয়ে নগর কর্তৃপক্ষের পদক্ষেপ প্রত্যাশা করেন তৌফিক খালিদী।  

Image
সভায় অংশগ্রহণকারীরা

সভায় অংশগ্রহণকারীরা

মেয়র আনিসুল হকের উদ্দেশে তিনি বলেন, “আপনি যদি শুধু ঢাকার ফুটপাতগুলোকে দখলমুক্ত করে মানুষের চলাচল উপযোগী করে দিতে পারেন, তাহলেও মানুষ আপনাকে মনে রাখবে।

“আপনি পারেন প্রতিটি ওয়ার্ডে একটি খেলার মাঠ রাখতে। এখন যেখানে মাঠ দখল করে ভবন উঠছে। আপনি পারেন প্রতিটি ওয়ার্ডে অন্তত একটি পাঠাগার স্থাপন করতে।”

ঢাকা শহরে গণপরিবহনে চলাফেরায় মানুষের ‘কষ্ট উপলব্ধি’ করতে নীতি-নির্ধারকদের (জনপ্রতিনিধি) সপ্তাহে অন্তত একদিন বাসে চলাফেরার পরামর্শও দেন তৌফিক খালিদী।

কর্মজীবী নারীদের জন্য সিটি কর্পোরেশনের উদ্যোগে হোস্টেল করার উপরও গুরুত্ব দেন তিনি।

মেয়র আনিসুল হক নতুন বাস নামানো, খেলার মাঠ সৃষ্টি, বিলবোর্ড অপসারণ ও হকার উচ্ছেদ, সিসিটিভি ক্যামেরা বসিয়ে অপরাধ নিয়ন্ত্রণের চেষ্টাসহ নানা ধরনের কর্মসূচি বাস্তবায়নের আশ্বাস দেন।

ক্ষমতা নেই, স্বীকার আনিসুল হকের

ভোটের আগে নগরবাসীর বিভিন্ন সঙ্কট মোচনে নানা প্রতিশ্রুতি দিলেও এখন মেয়র হিসেবে নিজের অক্ষমতা স্বীকার করেছেন আনিসুল হক।

মহিলা পরিষদ আয়োজিত এই সভায় নিজের ক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টি তুলে ধরতে গিয়ে তিনি বলেছেন, তিনি চাইলেও এখন তার এলাকার সব স্থানে মশাও মারতে পারেন না।

এই স্বীকারোক্তির প্রেক্ষাপটে অনুষ্ঠানে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী স্থানীয় সরকার কর্তৃপক্ষের ক্ষমতা বাড়ানোর জন্য জনপ্রতিনিধিদের সরব হওয়ার আহ্বান জানান।

Image
আনিসুল হক বলছেন নিজের অক্ষমতার কথা

আনিসুল হক বলছেন নিজের অক্ষমতার কথা

মেয়রের ক্ষমতার সীমাবদ্ধতা তুলে ধরে আনিসুল হক বলেন, “তিন-চারটির বেশি দায়িত্ব পালন করার প্রাতিষ্ঠানিক অথবা লিগ্যাল রাইটস নেই।

“মেয়র মোটা দাগে কী করেন? সকাল বেলা তিনি চিফ সুইপার, লাইট জ্বালানো, বর্জ্য পরিষ্কার করা। আলোকিত শহর রাখা।”

আনিসুল হক বলেন, “মশার কথা আজকে এসেছে। চাইলেই আমি সব জায়গায় মশা মারতে পারি না। এ বছর আমার সে অভিজ্ঞতা অনেক বেশি হয়েছে।”

‘অন্যের জায়গায়’ মশা মারলে মামলার সম্মুখীন হওয়ার ঝুঁকির কথা তুলে ধরে তিনি বলেন, “উত্তরাতে আপনি মশা মারতে পারবেন না, বসুন্ধরাতে আপনি মশা মারতে পারবেন না। আজমপুরের পাশ দিয়ে মশা মারতে পারবেন না। কারণ সরকারি পয়সায় ওখানে মশা মারার অনুমতি নেই।”

সীমাবদ্ধতার বিষয়ে আনিসুল হক আরও বলেন, “মেয়রের কাছে যেমন পুলিশের ক্ষমতা নেই। তেমনি অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক ক্ষমতাই মেয়রের নেই।”

Image
জনপ্রতিনিধিদের সরব হতে আহ্বান তৌফিক খালিদীর

জনপ্রতিনিধিদের সরব হতে আহ্বান তৌফিক খালিদীর

তৌফিক ইমরোজ খালিদী সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রতিনিধিদের উদ্দেশে বলেন, “আমরা অভিযোগ নিয়ে আপনাদের কাছে যেতে চাই। কিন্তু আপনাদের কাছ থেকেই যখন অভিযোগ শুনছি, তখন বলতেই হবে যে, এই প্রতিষ্ঠানগুলো আসলেই যথেষ্ট শক্তিশালী হয়নি, যথেষ্ট কার্যকর হয়নি।”

এ প্রসঙ্গে লন্ডনের নগর কর্তৃপক্ষের ক্ষমতা ও পরিধির কথা তুলে ধরেন তৌফিক খালিদী। সেখানে গণপরিবহন ও গণস্বাস্থ্য থেকে শুরু করে আইনশৃঙ্খলার মতো বিষয়েও নগর কর্তৃপক্ষের এখতিয়ারের বিষয়টিও দৃষ্টান্ত হিসেবে দেখান তিনি।

কর্তৃপক্ষগুলোর ক্ষমতায়নে স্থানীয় সরকার ব্যবস্থার সংস্কারের উপর জোর দিয়ে তৌফিক ইমরোজ খালিদী জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, “এজন্য আপনাদের কথা বলতে হবে, আপনাদের সরব হতে হবে।”

সিটি করপোরেশনকে কেন্দ্রীয় প্রশাসনের উপর নির্ভরতা কমিয়ে আনার পরামর্শও দেন এই সম্পাদক।

“আপনারা এখন সরকারি কর্মীদের উপর নির্ভরশীল, যাদের দায়বদ্ধতা আপনাদের কাছে নয়। আপনাদের নিজস্ব প্রশাসনিক কর্মী গড়ে তুলতে হবে, যারা দায়বদ্ধ থাকবেন আপনাদের কাছে।”