২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুগপূর্তিতে গ্যালারি কায়ায় চিত্র প্রদর্শনী

রাজধানীর উত্তরার ‘গ্যালারি কায়া’র যুগপূর্তিতে ২৮ চিত্রশিল্পীর চিত্রকর্ম নিয়ে শুরু হয়েছে যৌথ প্রদর্শনী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2016, 12:54 AM

Updated : 11 Oct 2022, 08:14 PM

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গ্যালারি কায়াতে ঘণ্টা বাজিয়ে এডিএন গ্রুপের চেয়ারম্যান আসিফ মাহমুদ, চিত্র সমালোচক মইনউদ্দিন খালেদ, চিত্রশিল্পী মুর্তজা বশীর ও বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ প্রদর্শনীর উদ্বোধন করেন।

উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডের ২০ নম্বর বাড়িতে শুরু এ প্রদর্শনী আগামী ২৮ মে পর্যন্ত চলবে বলে জানিয়েছেন প্রদশর্নীর সমন্বয়ক রাজেন গেইন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে।

প্রদর্শনী উদ্বোধনের আগে আলোচনায় এই আয়োজনের পৃষ্ঠপোষক এডিএন গ্রুপের চেয়ারম্যান আসিফ মাহমুদ বলেন, “মানুষ সামাজিক জীব। সমাজকে সমৃদ্ধ করে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি।

“আমরা যদি ইতিহাস দেখি, দেখব যে হাজার হাজার বছর ধরে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি নিয়েই আমরা আলোচনা করে থাকি। সুতরাং এই যে বাঙালি জাতি . . .আজকে থেকে হাজার বছর পর এই বিষয়গুলো নিয়েই আলোচনা করবে।”

ব্যবসায়ীদের সমাজকে কিছু দেওয়ার কর্তব্যের কথা মনে করিয়ে দিয়ে তিনি জানান, সেই সামাজিক দায়িত্বের জায়গা থেকেই এডিএন গ্রুপ প্রদর্শনীটির পৃষ্ঠপোষকতা করছে।

গ্যালারি কায়ার পরিচালক গৌতম চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিল্পীদের ছোটবেলা থেকে লড়াই করে বেড়ে উঠতে দেখেছি। আজ যারা তরুণ, তারা এক সময় প্রবীণ হবেন; তার আগে তাদের সার্পোর্ট দরকার।”

১২ বছরে গ্যালারি কায়া নবীন ও প্রবীণ শিল্পীদের একক ও যৌথ মিলিয়ে ২৭টি প্রদর্শনী আয়োজন করেছে জানিয়ে তিনি বলেন, “আমরা এখন যুগসন্ধি অতিক্রম করছি। অতীতের ভুল যদি থাকে তবে সেগুলো শুধরে সামনে এগিয়ে যেতে চাই।”

ভবিষ্যতের পথচলায় সবার সহযোগিতা ও শুভকামনা প্রত্যাশা করেন গৌতম চক্রবর্তী।

আলোচনায় চিত্রশিল্পী মুর্তজা বশীর বলেন, “সমালোচকরা অনেক সময় ছবির বিচার করতে গিয়ে শিল্পীর সততা ও নিষ্ঠা বিবেচনায় রাখেন না। শিল্পী ততটুকুই দিতে পারবে যতটুকু তার প্রতিভা। এজন্য সমালোচককে বিবেচনায় রাখতে হবে শিল্পীর ছবিগুলোতে সে নিজের সবটুকু উজার করে দিয়েছে কিনা।”

বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস সামাদ বলেন, যারা গ্যালারি কায়াতে জড়িত রয়েছেন তারা নানা ঘাত প্রতিঘাত উপেক্ষা করে সততার সঙ্গে নিরলসভাবে কাজ করে চলেছেন।

বাংলাদেশে শিল্পীদের ছবি সংরক্ষণের জন্য কোনো পলিসি নেই জানিয়ে অনুষ্ঠানে চিত্র সমালোচক মইনউদ্দিন খালেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সচিত্র পাঠ ছাড়া শিল্পের ইতিহাস রচনা করা সম্ভব না। ”

ছবি সংরক্ষণের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষিত লোকবল তৈরি করা গেলে বাংলাদেশের অনেক শিল্পীর ছবি সংরক্ষণ করা সম্ভব হবে বলে মনে করেন তিনি।

দর্শকরা যা বললেন

প্রদর্শনী শুরুর কয়েক ঘণ্টা আগেও ছিল বৃষ্টি। জলমগ্ন উত্তরার বিভিন্ন সড়ক। তবে এসব উপেক্ষা করেই প্রদর্শনীতে এসেছিলেন প্রায় শতাধিক দর্শক।

গুলশানের বাসিন্দা পেশায় আইনজীবী আসফা হোসেন (৬০) প্রদর্শনী কেন্দ্রের দেয়ালে থাকা বিভিন্ন শিল্পীর চিত্রকর্ম দেখছিলেন নিবিড়ভাবে।

তিনি বলেন, “প্রায়ই এখানে প্রদর্শনী দেখতে আসা হয়। যে কোনো আর্টই দেখতে ভাল লাগে।”

১৫ বছর আগেও চিত্র শিল্পীদের আর্থিকভাবে অনেক কঠিন দিন পার করতে হতো মন্তব্য করে আসফা বলেন, এখন একজন মধ্যবিত্তও ভাবেন তার বাড়িতে একটা চিত্রকর্ম থাকলে মন্দ হয় না। তারা প্রদর্শনীতে আসছেন, দেখছেন, পছন্দের ছবিও কিনছেন।

“এখন শিল্পীদের স্ট্যাটাস, জীবনযাত্রার মান আগের চেয়ে অনেক ভাল হচ্ছে, এটা ইতিবাচক,” বলেন তিনি।

প্রদর্শনীতে সস্ত্রীক এসেছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক বুলবুল আহমেদ। তার স্ত্রী রিদিতা তাসমিন একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক।

গ্যালারি কায়ার প্রত্যেক প্রদর্শনীতে আসার চেষ্টা করেন বলে জানান তারা।

বুলবুল আহমেদ বলেন, “এই দেশে শিল্পচর্চা হলেও তাকে তেমন পৃষ্ঠপোষকতা করা হয় না। কোনো প্রদর্শনীর আয়োজন থাকলে শিল্পী, শিল্পবোদ্ধা ও শিল্প প্রেমীদের একটি মিলন মেলা ঘটে। এর অনেক ইতিবাচক দিক রয়েছে।”

যাদের চিত্রকর্ম স্থান পেয়েছে

আবদুস শাকুর শাহ (১৯৪৭), আমিনুল ইসলাম (১৯৩১-২০১১), আশরাফুল হাসান(১৯৭৭), চন্দ্র শেখর দে (১৯৫২), দেবদাস চক্রবর্তী (১৯৩৩-২০০৮), হামিদুজ্জামান খান (১৯৪৬), হাসেম খান (১৯৪১), হাসি চক্রবর্তী (১৯৪৮-২০১৪), কালিদাস কর্মকার (১৯৪৬), কামালউদ্দিন (১৯৮০), কাজী রাকিব (১৯৫৫), কে এম এ কাইয়ুম (১৯৫০), মাহমুদুল হক (১৯৪৫), মাসুদা কাজী (১৯৫৮), মোহাম্মদ ইকবাল (১৯৬৭), মোহাম্মদ কিবরিয়া (১৯২৯-২০১১), মনিরুল ইসলাম (১৯৪৩), মুর্তজা বশীর (১৯৩২), নগরবাশি বর্মন (১৯৭৩), কাইয়ুম চৌধুরী (১৯৩২-২০১৪), রফিকুন নবী (১৯৪৩), রনজিত দাস (১৯৫৬), রশিদ চৌধুরী (১৯৩২-১৯৮৬), রতন মজুমদার (১৯৫৪), সমরজিৎ রায় চৌধুরী (১৯৩৭), শম্ভু আচার্য‌্য (১৯৫৪), শিশির ভট্টচার্য্য (১৯৬০) এবং এস এম সুলতান (১৯২৩-১৯৯৪)।

এডিএন গ্রুপের সহযোগিতায় আয়োজিত এই প্রদর্শনীর মিডিয়া পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।