ভুটানের রাজার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তিনদিনের ভুটান সফরের দ্বিতীয় দিনে রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াকচুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মন্ত্রী দেশটির সাবেক রাজা জিগমে সিংগে ওয়াংচুকের সঙ্গে সাক্ষাৎ করেন বলে শুক্রবার এক বিবৃতিতে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
এতে বলা হয়, সাক্ষাতে রাজা নামগিয়েল ওয়াকচুক তার বাংলাদেশ সফরের বিষয়ে স্মরণ করে দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন।
বাংলাদেশ-ভুটান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও দৃঢ় করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসাও করেন তিনি।
সব ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে সুনির্দিষ্টভাবে এই অঞ্চলে ভুটান-বাংলাদেশসহ চার দেশের ‘বিবিআইএন’ সহযোগিতার ওপর জোর দেন ভুটানের পঞ্চম রাজা।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী (ফাইল ছবি)
বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে রাজা নামগিয়েল মধ্যহ্ন ভোজের আয়োজন করেন, যাতে রাজ পরিবারের সদস্যরাও অংশ নেন।
এসময় মাহমুদ আলীর সঙ্গে তার স্ত্রী শাহীন আলী ছাড়াও ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূত যিশু রায় চৌধুরী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক তারেক মো. আরিফুল ইসলাম ছিলেন।
তিনদিনের দ্বিপক্ষীয় সফরে বৃহস্পতিবার ভুটান পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী। সফরের শেষ দিন শনিবার ভুটানের একটি পানি বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনের কথা রয়েছে তার।
