তারেকের পক্ষে পরবর্তী জেরা ১৯ মে
জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে পরবর্তী জেরার জন্য ১৯ মে দিন রেখেছেন ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালত।
বিচারক আবু আহমেদ জমাদ্দার বৃহস্পতিবার নির্ধারিত দিনে আসামি পক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী আহমেদ আলী সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা মামলা বিলম্বিত করার আসামি পক্ষের নতুন কৌশল। আমরা সময়ের আবেদনের প্রচণ্ড বিরোধিতা করেছি।”
তারেকের আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম পারিবারিক কাজে ব্যস্ত থাকায় আদালতে হাজির হতে না পারায় তার পক্ষে জেরা পেছানোর জন্য সময়ের আবেদনটি করেন তার অপর আইনজীবী সানাউল্লাহ মিয়া।
এই মামলার আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে হাজির হতে না পারায় দলীয় এই আইনজীবী তার পক্ষেও হাজিরা দেন।
খালেদার অন্যতম আইনজীবী জাকির হোসেন সাংবাদিকদের জানান, একই আদালতে ১৯ মে জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ আসামিদের আত্মপক্ষ সমর্থনের দিন নির্ধারিত আছে।
জিয়া এতিমখানা (অরফ্যানেজ) ট্রাস্টে অনিয়মের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলাটি করে দুদক। এতিমদের সহায়তার জন্য একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় ওই মামলায়।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০১০ সালের ৫ অগাস্ট মামলার অভিযোগপত্র হয়। এরপর গত বছরের ১৯ মার্চ ঢাকার বিশেষ জজ আদালতে অভিযোগ গঠনের মধ্য দিয়ে তাদের বিচার শুরু হয়।
পুরান ঢাকার বকশীবাজারে কারাগারের মাঠের বিশেষ এজলাসে জিয়া এতিমখানা ট্রাস্ট্রের সঙ্গে জিয়া দাতব্য ট্রাস্ট মামলার বিচারও চলছে।
অভিযোগ গঠনের পর তার বৈধতা ও অভিযোগ গঠনকারী বিচারকের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করেও উচ্চ আদালতে গিয়েছিলেন খালেদা। তার এসব আবেদন আপিলেও খারিজ হয়ে যায়।
