২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ-মাদক: চোরাচালান ঠেকাতে কাজ করবে ঢাকা-ওয়াশিংটন

রিজার্ভ চুরি, অর্থ ও মাদক চোরাচালান এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ যোগানদাতাদের ধরতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2016, 11:55 AM

Updated : 11 Oct 2022, 08:13 PM

বুধবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টের মাদক নিয়ন্ত্রণ প্রশাসন ও অর্থনৈতিক গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের একটি প্রতিনিধি দলের বৈঠকের পর শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান একথা জানান।

প্রতিনিধি দলে মইনুল খান ছাড়াও বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্বাহী পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের যুগ্ম পরিচালক মো. নূরুল আমিন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আহসানুর রহমান এবং দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মো. মইদুল ইসলাম রয়েছেন।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের ফাইন্যান্সিয়াল এনফোর্সমেন্ট নেটওয়ার্কের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের পরিচালক হিথার ময়ি এবং জাস্টিস ডিপার্টমেন্টের মাদক নিয়ন্ত্রণ প্রশাসনের ফাইন্যান্সিয়াল অপারেশন দপ্তরের প্রধান ডোনাল্ড এইচ এমের সঙ্গে বুধবার আলাদা বৈঠক করেন তারা।

উভয় বৈঠকেই বাংলাদেশের অর্থনৈতিক খাতের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ, তথ্য-প্রযুক্তি সেবা আরও নিরাপদ এবং হুন্ডির মাধ্যমে টাকা পাচার রোধে কার্যকর প্রক্রিয়া নিয়ে বিস্তারিত কথা হয় বলে মইনুল খান জানান।

Image
ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের ফাইন্যান্সিয়াল ক্রাইম এনফোর্সমেন্ট দপ্তরের বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের ফাইন্যান্সিয়াল ক্রাইম এনফোর্সমেন্ট দপ্তরের বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যুক্তরাষ্ট্র থেকেও অনেক সময় বেআইনিভাবে বাংলাদেশে অর্থ যাচ্ছে। অর্থপাচারের পাশাপাশি মাদকসহ নানা ধরনের দ্রব্য যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে যেমন যাচ্ছে, একইভাবে বাংলাদেশ থেকেও বিভিন্ন পথ ঘুরে যুক্তরাষ্ট্রে আসছে।

“বাংলাদেশ থেকে অন্য দেশেও অর্থ পাচার হচ্ছে। এসব কিছুই যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের গোচরে রয়েছে। কারণ অনলাইনে অর্থ লেনদেনের সমস্ত ব্যবস্থার পর তাদের সার্বক্ষণিক নজর রয়েছে। এটি শুধু বাংলাদেশের জন্যেই নয়, বিশ্বের প্রায় সকল দেশের অর্থনৈতিক গতিবিধির ওপর যুক্তরাষ্ট্রের গভীর পর্যবেক্ষণ রয়েছে।”

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আর্থিক ব্যবস্থাপনার নিরাপত্তায় বাংলাদেশকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান তিনি।

পাশাপাশি যারা সন্ত্রাসী নেটওয়ার্কে অর্থ দিচ্ছে তাদের শনাক্ত ও বিচারের আওতায় আনতেও  বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সহযোগিতার ভিত্তিতে কাজ করবে বলে জানান শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশের ৮১ মিলিয়ন ডলার সরিয়ে নেওয়ার ঘটনাটিও স্থান পায় বৈঠকে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ বিষয়ে কাজ করছেন এবং অপরাধীদের শনাক্তের পর বিচারের আওতায় আনতে একযোগে কাজ করার বিষয়েও বৈঠকে মতৈক্য হয়।

“ভবিষ্যতে যেন আর এমন পরিস্থিতির  অবতারণা না হয়, সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ অবলম্বনেও যুক্তরাষ্ট্র আন্তরিক সহায়তা প্রদান করবে,” বলেন মঈনুল খান।

যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য গত ৮ মে ওয়াশিংটন যান বাংলাদেশ সরকারের এই প্রতিনিধি দল। আগামী ১৪ মে পর্যন্ত সেখানে থাকবেন তারা।