২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শিক্ষার মানোন্নয়নে স্কুল-কলেজ এমপিওভুক্তির দাবি যৌক্তিক’

শিক্ষার মানোন্নয়নে স্কুল-কলেজ এমপিওভুক্তির দাবি যৌক্তিক বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2016, 09:51 PM

Updated : 20 Aug 2022, 12:40 PM

বুধবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ফেডারেশন আয়োজিত এক মহাসমাবেশের বক্তব্যে এ মত প্রকাশ করেন তিনি।

‘প্রধানমন্ত্রীর স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রতিশ্রুতি’ বাস্তবায়নের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, “শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবি যৌক্তিক। এমপিভুক্তির দাবি যৌক্তিক বলেই আমি সমর্থন করছি। তবে আলোচনা মধ্যদিয়ে এর সমাধান করতে হবে।

“আন্দোলনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান যাতে ব্যাহত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।”

ঢাবি উপাচার্য বলেন, “স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান মনে করেছিলেন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে অর্থনৈতিক দিক থেকে উন্নয়ন করতে হলে শিক্ষাকে গুরুত্ব দিতে হবে।

“তিনি (বঙ্গবন্ধু) গুরুত্ব দিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে কুদরত এ খুদা শিক্ষা কমিশন গঠনের নিদেশনা দিয়েছিলেন। কিন্তু পরর্বতীতে স্বাধীনতাবিরোধী শক্তি জাতির জনকে হত্যা করলে এই শিক্ষানীতি আলো মুখ দেখেনি।”

এরপর দীর্ঘদিন মুক্তিযুদ্ধে চেতনাবিরোধী শক্তি ক্ষমতায় এসে কোনো শিক্ষানীতি না করে বরং দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছিল মন্তব্য করে আরেফিন সিদ্দিক বলেন, “জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা এসে দেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য একটি শিক্ষা নীতি প্রণয়ন করে ধ্বংসপ্রায় শিক্ষা ব্যবস্থাকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।”

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা শিক্ষার সাথে যুক্ত আছেন, এই শিক্ষাই দেশেকে এগিয়ে নিয়ে যাবে।

“শিক্ষকরা বেতন ভাতা পাবে, যথার্থ মর্যাদা পাবে, সম্মান পাবে। আপনাদের যে দাবি তাতে সহমত আছে, আপনারা যে শপথ নিয়েছেন- সেই শপথেই আপনাদের এগিয়ে নিয়ে যাবে।”

মহাসমাবেশ থেকে আগামী ২৫ মে’র মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির সমস্যা নিরসনের দাবি জানানো হয়।

অন্যথায় দাবি আদায়ে সারা দেশের শিক্ষক-কর্মচারী-অভিভাবক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেন নন-এমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশন ও মহাসমাবেশের সভাপতি অধ্যক্ষ মো. এশারত আলী।

সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে সংসদ সদস্য মো. নবী নেওয়াজ ও মো. গোলাম মোস্তফা বিশ্বাস, কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদ, কল্যাণ ট্যাস্টের সদস্য সচিব অধ্যক্ষ সাহাজান আলম সাজু, সাবেক ভারপ্রাপ্ত শিক্ষা সচিব ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য সিরাজ উদ্দিন আহমেদ, নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ মিলন কুমার ঘোষাল ও ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি আবুল কালাম বক্তব্য দেন।