ফাঁসির দড়ি হাতে ‘একজন নূর হোসেন’
বাম হাতে ফাঁসির দড়ি আর ডান হাতে দেশের পতাকা নিয়ে জাতির কলঙ্ক মোচনের দিনটিতে দাগ কেটে রাখলেন একজন মুক্তিযোদ্ধা।
মঙ্গলবার একাত্তরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের হোতা কুখ্যাত যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের ক্ষণটি উদযাপনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে তার নানা আয়োজন ছিল চোখে পড়ার মতো।
মাথায় ছিল হাতে তৈরি কাগজের টুপি। পরনে লম্বা কোর্তা, যেখানে লেখা নানা স্লোগান। পোশাকের ভিন্নতা আর বৃদ্ধ বয়সে এমন উত্তেজনার কারণে দৃশ্যত দৃষ্টি কাড়েন উপস্থিত গণমাধ্যম কর্মীদের।
ফাঁসির আগে ফটো সাংবাদিকদের ক্যামেরাও বিষয়বস্তু হিসেবে তাই তাকে নিয়েই ছিল ব্যস্ত।
কেন এমন উত্তেজনা জানতে চাইতেই বললেন, “আজ আর হাত নামবো না। আজ সবচেয়ে খুশির দিন। সব চাইতে ঘৃণ্য রাজাকারের ফাঁসি হবে।”
বেলা আড়াইটায় ফাঁসি হবে কিনা তা অনেক সংবাদকর্মীসহ ঊধ্বর্তন কর্মকর্তারাও নিশ্চিত নন। কিন্তু বৃদ্ধ বললেন ‘আজই হবে’।
আপাত দৃষ্টিতে বয়স সত্তরের কোটায় মনে হলেও কথা প্রসঙ্গে জানালেন বয়স এরও বেশি; নাম নূর হোসেন, বয়স ৮৭ বছর।
চার ফুট লম্বা রশি দিয়ে এটি বানানোর কথাও বলতে ভুললেন না।
নিজেকে ‘বাংলাদেশ ৭১ বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা লীগের’ চেয়ারম্যান হিসেবে পরিচয় দিয়ে নূর হোসেন বলেন, ১১ নম্বর সেক্টরে কর্নেল তাহেরের অধীনে যুদ্ধ করেছেন। মুক্তিযুদ্ধে সময় নানা, নানি, মা, মামা, মামি, ভাগিনা, ভগ্নিপতিসহ ১১ জনকে হারিয়েছেন।
“আমার নানা সৈয়দ মোহাম্মদ আমজাদ উল্লাহ রেলওয়ের স্টেশন মাস্টার ছিলেন। কিন্তু স্বাধীনাতার যুদ্ধের সময় তাকে পাকিস্তানি বাহিনী হত্যা করে।”
সেই স্মৃতি বলতে গিয়ে কথা ভেঙে যাচ্ছিল।
“আমার মা রাজেমন বিবি, ভাগিনা হযরত আলী ও ভগ্নিপতিকে পাক-বাহিনী হত্যা করে ৭১ সালের ১১ ডিসেম্বর জামালপুরে সরিষা বাড়ি এলাকায়।”
নানা স্টেশন মাস্টার হওয়ায় স্বাধীনতা যুদ্ধের আগে বিভিন্ন রেলস্টশনে তার সাতটি দোকান ছিল।
“কিন্তু যুদ্ধের পর জামালপুর গ্রামের বাড়ি গিয়ে সবকিছু হারিয়ে পাগল হয়ে যাই। প্রায় দুই বছর পাবনার মানসিক হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফিরে আসি।”
এরপর হকারি, রিকশা চালিয়ে জীবন যাপন করেছেন বলে জানান তিনি।
আক্ষেপ করেই নূর হোসেন বললেন, “তখন মুক্তিযোদ্ধা বলে কাউকে পরিচয় দিতাম না। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধা বলে পরিচয় দিচ্ছি।”
নিজের মুক্তিযুদ্ধের সনদের আদ্যপান্ত মুখস্ত তার। “ভারতীয় সরকারের মুক্তিযোদ্ধাদের তালিকায় আমার নম্বর ১০০১২, মুক্তি বার্তার দুই নম্বর খণ্ডে আমার ক্রম ০১১৫০১০৮৩০ আর মন্ত্রণালয়ের আমার তালিকা নম্বর হলো- ম ১৯২১৪১।”
নূর হোসেন জানান, গণজাগরণ মঞ্চে তিনি দিন/রাত মাসের পর মাস কাটিয়েছেন।
এক ছেলে তিনি মেয়ের জনক এই মুক্তিযোদ্ধার বর্তমান নিবাস মিরপুরে।
গণজাগরণ মঞ্চের কর্মী ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবি নিয়ে সোচ্চার থাকার কারণে ২০১৪ সালের ২ অগাস্ট দুপুরে ফার্মগেইট এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছিলেন বলেও দাবি করেন তিনি।
এরপরও নিজের অনড় অবস্থানের কথা বলতে ভুললেন না।
বললেন, “যত হামলাই করুক না কেন। বাকি যুদ্ধাপরাধীদের ফাঁসির কার্য শেষ না হওয়া পর্যন্ত আমাকে থামানো যাবে না।”
