হরতালে পিছিয়েছে এইচএসসি পরীক্ষা
জামায়াতে ইসলামের হরতালের কারণে এইচএসসি ও সমমানের ১২ মে বৃহস্পতিবারের পরীক্ষা পিছিয়েছে।
১২ মে’র এইচএসসি ও মাদ্রাসা বোর্ডের পরীক্ষা আগামী ২০ মে হবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বুধবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, “এইচএসসি ও মাদ্রাসা বোর্ডের ১২ মে’র পরীক্ষাগুলো আগামী ২০ মে শুক্রবার নেওয়া হবে। সকালের পরীক্ষা সকাল ৯টা থেকে এবং বিকালের পরীক্ষা বেলা আড়াইটা থেকে শুরু হবে।”
১২ মে’র কারিগরি বোর্ডের এইচএসসির ব্যবসায় ব্যবস্থাপনার পরীক্ষা ১৫ মে সকাল ১০টা থেকে নেওয়া হবে বলেও জানান অধ্যাপক মাহবুব।
জামায়াতের হরতালের কারণে চলতি এইচএসসির দুই দিনের পরীক্ষা পেছানোয় ২৭টি পরীক্ষা পিছিয়ে গেল।
দলের আমির যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে হরতাল ডেকেছে জামায়াত।
নিজামীর রিভিউ আবেদন সর্বোচ্চ আদালত খারিজ করে দেওয়ার পরও একই কর্মসূচি দিয়েছিল দলটি।
এইচএসসিতে ১২ মে সকালে প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস (তত্ত্বীয়), প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ঐচ্ছিক-২, প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস (তত্ত্বীয়), ঐচ্ছিক-৩, সমরবিদ্যা (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র এবং গার্হস্থ্য অর্থনীতি (তত্ত্বীয়) দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল।
আর বিকালে ছিল পরিসংখ্যান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, সাধারণ বিজ্ঞান এবং খাদ্য ও পুষ্টি বিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র (খাদ্য ও পুষ্টি বিজ্ঞান) এবং ক্রীড়া (তত্ত্বীয়) দ্বিতীয় পত্রের পরীক্ষা।
১২ মে মাদ্রাসা বোর্ডে অধীনে আলীমে উচ্চতর গণিত প্রথম পত্র (তত্ত্বীয়) এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনার প্রডাকশন প্লানিং, কন্ট্রোল অ্যান্ড কষ্টিং (নতুন সিলেবাস) এবং প্রডাকশন প্লানিং, কন্ট্রোল অ্যান্ড কষ্টিং (পুরাতন সিলেবাস) পরীক্ষা নির্ধারিত ছিল।
