২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে কয়েক দশকের পুরনো গাছ নিধন

ফুটপাত সংস্কার ও পানি নিষ্কাশন নালা প্রস্তুত করার প্রকল্প বাস্তবায়নের ‘অজুহাতে’ ঢাকার বনানীর বিভিন্ন সড়কে পুরনো গাছ কেটে ফেলছে ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

ফয়সাল আতিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2016, 11:48 PM

Updated : 11 Oct 2022, 08:12 PM

পুরনো খবর:

ঢাকা উত্তরে ৫ লাখ গাছ রোপণে অভিযান শুরু

নগর কর্তৃপক্ষের এমন পদক্ষেপে ওই এলাকার বাসিন্দাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

কেউ বলেছেন, এ ধরনের কয়েক দশকের পুরনো গাছ নিধন পরিবেশবিরোধী, আবার কেউ বলছেন, কর্তৃপক্ষের কাজের বিরোধিতা অর্থহীন।

মঙ্গলবার বনানীর ১৭ নম্বর সড়কে গিয়ে দেখা যায়, সেখানে গাছ কাটায় নিয়োজিত আছে বেশ কিছু শ্রমিক। গাছের ডালপালা কেটে রশিতে বেঁধে নামানো হচ্ছে। পাশাপাশি চলছে পানি নিষ্কাশন নালা খননের কাজ।

একজন শ্রমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই এলাকার অনেকেই গাছ কাটার সমালোচনা করছেন। অনেকে অনেক কথা বলছেন। কিন্তু আমরা এখানে শ্রমিক হিসাবে কাজ করছি।”

যেই সড়কে গাছ কাটা হচ্ছে তার উত্তর পাশে কয়েকটি আবাসিক ভবন দক্ষিণ পাশে রয়েছে দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়।

সাউথইস্টার্ন ইউনিভার্সিটির সামনে এক প্রবীণ নিজের নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এই এলাকায় গাছ কাটা হচ্ছে। কয়টা কাটা হবে, কয়টা রাখা হবে কিছুই জানি না। কর্তৃপক্ষ নিজেদের মতো করে এসব করছে। হতে পারে গাছ নিয়ে আমাদের কোনও অভিযোগ নেই। তাহলে কেন এই গাছ কাটা?”

এবিষয়ে জানতে যোগাযোগ করা হয়েছিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “১৫/২০ বছরের পুরনো কিছু কিছু গাছ কেটে ফেলতে হচ্ছে। এতে আমারও অনেক খারাপ লাগছে। এগুলো অপরিকল্পিতভাবে লাগানো হয়েছিল। তখন এত ঘন বসতি ছিল না। কিন্তু এখনকার পরিস্থিতিতে গাছগুলো চলাচলে নানা রকম সমস্যা সৃষ্টি করছে। অনেক সময় দুর্ঘটনারও কারণ হতে পারে এগুলো।”

“ডিএনসিসির পরিকল্পনা হল- একটা গাছ কাটলে আরও চারটা গাছ রোপণ করা। ইতোমধ্যেই আমরা উত্তরায় ৫ লাখ গাছ রোপণ শুরু করেছি।”

ওই এলাকার নির্বাচিত কাউন্সিলর, অন্যান্য ব্যক্তিবর্গ এমনকি প্রকৌশলীদের সঙ্গে পরামর্শ করে নগর কর্তৃপক্ষ গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেন মেয়র।

“তবে ফুটপাতের গাছে হাত দিচ্ছি না। যেগুলো রাস্তার ওপর সেগুলোই কাটা হচ্ছে বাধ্য হয়ে।”

তিনি বলেন, “গাছ কাটতে আমারও মায়া লাগে। কিন্তু পরিকল্পিতভাবে কাজ করা এবং রাস্তা সোজা কারার জন্য এগুলো করতে হচ্ছে।”