২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধ্যাপক এম এ মোমেন আর নেই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এম এ মোমেন আর নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2016, 08:17 PM

Updated : 20 Aug 2022, 12:40 PM

মঙ্গলবার রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তার মৃত্যু হয়।

তার বয়স হয়েছিল ৮৪ বছর।

অধ্যাপক এম এ মোমেন স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তার ছেলে মাসুদ বিন মোমেন নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি।

অধ্যাপক মোমেনের ভাগ্নে অধ্যাপক এমএ তসলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলা আড়াইটার দিকে ইব্রাহিম কার্ডিয়াকে তার মৃত্যু হয়। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।”

ইনস্টিটিউটের শিক্ষক মুহাম্মদ সামাদ জানান, বুধবার সকাল ১১টায় এম এ মোমেনের মরদেহ তার প্রায় চার দশকের কর্মস্থল সমাজকল্যাণ ইনস্টিটিউটে নেওয়া হবে।

“সেখানে শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ নেওয়া হবে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। জোহরের নামাজের পর সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।”

সমাজকল্যাণ ইনস্টিটিউটে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

শোকবার্তায় তিনি বলেন, অধ্যাপক মোমেন ছিলেন একজন মেধাবী ও নিষ্ঠাবান শিক্ষক। সমাজকল্যাণ শিক্ষা বিষয়ে বিশেষজ্ঞ হিসাবে বিশেষ সুনাম অর্জন করেছেন। সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে তার শিক্ষকতা জীবনে যে মেধা ও আন্তরিকতার স্বাক্ষর রেখে গেছেন তা বিশ্ববিদ্যালয়ে স্মরণীয় হয়ে থাকবে।

মোমেনের মৃত্যুতে শোক বার্তা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সমিতির পক্ষ থেকে সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং অধ্যাপক এএসএম মাকসুদ কামাল এক বিবৃতিতে এক শোক প্রকাশ করেন।