২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির কাছে সিএজির বার্ষিক প্রতিবেদন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে বার্ষিক প্রতিবেদন দিয়েছেন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2016, 07:01 PM

Updated : 11 Oct 2022, 08:12 PM

মঙ্গলবার সিএজি মাসুদ আহমেদ বঙ্গভবনে যান বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন ।

তিনি সাংবাদিকদের বলেন, “সিএজি রাষ্ট্রপতিকে প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেছেন।”

প্রতিবেদনে ৩৪০টি অডিট আপত্তি রয়েছে, যার সঙ্গে জড়িত অর্থের পরিমাণ ১১ হাজার ৬৮৭ কোটি ৩৩ লাখ টাকা এবং ৯৯ দশমিক ৩৩ লাখ মার্কিন ডলার।

এছাড়া এতে ১৬টি বার্ষিক, ছয়টি বিশেষ, একটি পারফরমেন্স অডিট এবং একটি ইস্যুভিত্তিক প্রতিবেদন রয়েছে।

প্রেস সচিব জানান, রাষ্ট্রপতি সিএজিকে প্রতিবেদন পেশ, বিশেষ করে পারফরমেন্স অডিট প্রতিবেদনের জন্য ধন্যবাদ জানান।

“রাষ্ট্রপতি আশা করেন, এসব রিপোর্টের কারণে সামনের দিনগুলোয় অডিট আপত্তি আরও কমে যাবে এবং সরকারি অর্থ ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়বে,” বলেন জয়নাল আবেদীন।

দীর্ঘদিনের ঝুলে থাকা অডিট আপত্তি নিষ্পত্তিতে সরকারি হিসাব কমিটির সদস্যদের ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি।

 

নতুন পিএসসি চেয়ারম্যানের সাক্ষাৎ

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান মোহাম্মদ সাদিক রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, নতুন চেয়ারম্যানের নেতৃত্বে পিএসসি দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে।”

রাষ্ট্রপতি পিএসসির কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।

মোহাম্মদ সাদিক এসময় তাকে পিএসসির চেয়ারম্যান করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নতুন চেয়ারম্যান রাষ্ট্রপতিকে কমিশনের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন বলে জানান প্রেস সচিব।

পিএসসি চেয়ারম্যান আরও জানান, তার প্রতিষ্ঠান নতুনি অটোমেশন পদ্ধতি চালু করেছে, যার ফলে নিয়োগ পরীক্ষগুলো আগের চেয়ে কম সময়ে সম্পন্ন হবে। 

তিনি দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

গত ২ মে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান মোহাম্মদ সাদিক।