কাজ কর বঞ্চিতদের জন্য, আইনের শিক্ষার্থীদের স্পিকার
সমাজের সুবিধাবঞ্চিত মানুষের আইনি অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে এ বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে সর্বোচ্চ বিদ্যাপীঠে আসার সুযোগ পেয়েছি, তারা অনেক বেশি সুবিধাভোগী। আমরা আমাদের এই অবস্থান থেকে সুবিধাবঞ্চিতদের জন্য কী করণীয় সে বিষয়টিও খেয়াল রেখে কাজ করছি কি-না সেটাও গুরুত্বপূর্ণ।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের আইনি বিষয়ে ব্যবহারিক শিক্ষা দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত ‘ল ক্লিনিকের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিরীন শারমিন চৌধুরী এ কথা বলেন।
বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও যুক্তরাজ্যের উন্নয়ন সহযোগী সংস্থা ডিএফআইডির কমিউনিটি লিগ্যাল সার্ভিসেসের সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছে এই ক্লিনিক।
প্রাথমিকভাবে আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা এখান থেকে আইন বিষয়ে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক শিক্ষাও পাবেন বিচারক, শিক্ষক ও আইনজীবীদের কাছ থেকে।
সামাজিক বৈষম্য দূর করে সংবিধানের মূলকথা অনুযায়ী একটি শোষণমুক্ত, অন্তর্ভূক্তিমূলক এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রবর্তন এবং বাংলাদেশকে এগিয়ে নিতে কাজ করতেও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান স্পিকার।
শুধু একটি বর্ষের শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ না রেখে ‘ল ক্লিনিকের’ বিষয়গুলো ক্রমান্বয়ে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করে সবার জন্য বাধ্যতামূলক করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “বিশ্বায়নের যে সময়টির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সেখানে বিশেষ আইনগুলো গুরুত্বপূর্ণ। সুতরাং বিষয়ভিত্তিক আইনগুলোর প্রতিও আমাদের নজর দিতে হবে। জলবায়ু পরিবর্তন, জেন্ডার সমতা ও খাদ্য নিরাপত্তাসহ বিভিন্ন আইন কীভাবে কার্যকর হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং নিজেদের সেজন্য তৈরি হতে হবে।”
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আমাদের এই ‘ল ক্লিনিকের’ যাত্রা শুরু হয়েছে। যারা সমাজে আইনের সুবিধাবঞ্চিত তারা যেন ন্যায় বিচার পায় সেজন্য তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানের সঙ্গে যে শুন্যতা থাকে সেটা দূর করতে হবে।”
ব্লাস্টের নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারাহ হোসেন বলেন, আইনের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং আইনের অপব্যবহার রোধ করার শিক্ষা দিতে ‘ল ক্লিনিক’ কাজ করবে। প্রান্তিক মানুষ আইনের সুযোগ থেকে বাইরে থাকলে তাদেরকে কীভাবে সেই সুযোগ দেওয়া যাবে তার কাজ এখান থেকে করা হবে।”
বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক বোরহান উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আইন অনুষদের ডিন তাসলিমা মনসুর, আইন সমিতির সভাপতি খান মো. আবদুল মান্নান, আইন বিভাগের ক্লিনিক্যাল লিগ্যাল এডুকেশন কর্মসূচির উপদেষ্টা অধ্যাপক রহমতুল্লাহ ও সমন্বয়ক অধ্যাপক মুহাম্মদ একরামুল হক বক্তব্য দেন।
