২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কার্বন নিঃসরণ কমানো না গেলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে ৬ ফুট’

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিক তুলে ধরে মালয়েশিয়ার সারাওয়াক বিশ্ববিদ্যালয়ের শিল্প-পরিবেশ বিষয়ক বিজ্ঞানী অধ্যাপক এম শহীদুল ইসলাম বলেছেন, গ্রিনহাউজ গ্যসের নিঃসরণ কমানো না গেলে ২১০০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ছয় ফুট বাড়বে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2016, 12:54 AM

Updated : 12 Apr 2022, 02:01 AM

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক এই শিক্ষার্থী রোববার রাতে রাজধাধীতে ‘ইঞ্জিনিয়ারিং রোল ইন মিটিগেটিং ক্লাইমেট চেইঞ্জ ইফেক্ট অন ওয়াটার অ্যান্ড এনার্জি ইন অ্যাচিভিং এনভায়রনমেন্ট সাসটেইনেবিলিটি’ শীর্ষক এক সেমিনারে এ তথ্য দেন।

রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ সেমিনারে বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত এবং নিজের গবেষণালব্ধ তথ্য নিয়ে দীর্ঘসময় ধরে একটি প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক শহীদুল।

১৮৮০ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত পৃথিবীর তাপমাত্রা কম থাকার পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, শিল্প কারখানা বাড়ার ফলে তাপমাত্রা বাড়ছে, এটা মানুষ সৃষ্ট সমস্যা।

“নিয়ন্ত্রণহীন ইকোনোমিক গ্রোথ হচ্ছে, যা দরকার ছিল তার থেকে বেশি ইকোনোমিক গ্রোথ হচ্ছে। ফলে বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে।”

শহীদুল বলেন, “২১০০ সালে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ছয় ফুট বাড়বে। কার্বন ডাই অক্সাইড নিয়ন্ত্রণ না করলে আমরা ডুবে যাব। জলবায়ুর এই পরিবর্তনের জন্য অর্থনৈতিক উন্নয়ন দায়ী।”

চীন-ভারতের পাশাপাশি উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়ী- এমন তথ্য তুলে ধরে এই বিজ্ঞানী বলেন, “আমাদের সমস্যার জন্য আমরা দায়ী নই। তাই ওইসব দেশের কাছ থেকে আমাদের ক্ষতিপূরণ পাওয়া উচিত। এ নিয়ে জাতিসংঘে কথা বলা উচিত।

“চীনের জন্য তাদের পাশ্ববর্তী বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই চীনকে ক্ষতিপূরণ দিতে হবে।”

এসময় যানবাহন থেকে কার্বন ডাই অক্সাইড কমানোর এবং পানিসাশ্রয়ী বাড়ি নির্মাণের পরামর্শ দিয়ে তিনি বলেন, “এমন বাড়িঘর নির্মাণ করতে হবে যাতে পানি কম খরচ হয়। প্রতিদিন আমরা একেকজন ১৫০ লিটার পানি খরচ করি।

বাংলাদেশের অনেক বিজ্ঞানী বিদেশে গবেষণা করে সেসব দেশকে অনেক ‘প্রোডাক্ট দিচ্ছেন’ উল্লেখ করে ক্ষোভের সুরে তিনি বলেন, “তাদের দেশে ফিরিয়ে আনুন, তারা সম্পদ দিয়ে দেশকে ভরিয়ে দেবেন। দেশে তাদের কোনো কাজ নেই।”

২০৬০ সালে বাংলাদেশে ১১০০ মিলিয়ন লিটার পানির দরকার হবে- এমন তথ্য দিয়ে তিনি বলেন, নদীর এক ছটাক পানিও থাকবে না। এক কেজি ধান উৎপাদন করতে পাঁচ হাজার লিটার পানি লাগে। ২০৬০ সালের পরে সমুদ্রের পানির কোনো বিকল্প থাকবে না।

“আমাদের সমুদ্রে অনেক সম্পদ মজুদ আছে। আমরা অনায়াসেই সেগুলো ব্যবহার করতে পারি। কয়লা তারাই পোড়াবে যাদের মেধা নেই।”

নিজের উদ্ভাবিত যন্ত্র দিয়ে ট্যানারি এবং শিল্প কারখানার দূষিত পানিকে কীভাবে সহজেই খাওয়ার পানিতে রূপান্তরিত করা যায়- অনুষ্ঠানে তা নিয়ে একটি ভিডিও দেখান শহীদুল।

কম খরচে সমুদ্রের পানি থেকে বিদ্যুৎ এবং খাবার পানি ও লবণ তৈরিতে নিজের উদ্ভাবিত প্রক্রিয়া নিয়েও একটি ভিডিও দেখান তিনি।

মূল প্রবন্ধে জলবায়ু পরিবর্তনের বিভিন্ন ক্ষতিকর দিকের বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত তুলে ধরে বাংলাদেশের প্রেক্ষাপটে সেগুলো বিশ্লেষণ করে বিভিন্ন সুপারিশও করেন অধ্যাপক শহীদুল।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শহীদুলের গবেষণার প্রশংসা করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, “উনার গবেষণা পরিবেশবান্ধব উন্নয়নে প্রয়োজনীয়। এ বিষয়ে আমাদের কাজ করার সুযোগ রয়েছে।”

গবেষণায় বিনিয়োগ বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, পরিবেশবান্ধব সমৃদ্ধিই টেকসই উন্নয়ন দিতে পারে।

বাংলাদেশের যেসব বিজ্ঞানী বিদেশে কাজ করছেন তাদের তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নেওয়া হবে জানিয়ে বুয়েটের সাবেক শিক্ষার্থী ইনু বলেন, “সরকার সেই তালিকা দেখে কাকে কীভাবে কাজে লাগানো যেতে পারে তা ভেবে দেখবে, প্রধানমন্ত্রীকেও বিষয়টি নিয়ে ভাবতে বলব।

“পবিবেশ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং জঙ্গি-সন্ত্রাস এখন পৃথিবীতে সবচেয়ে আলোচিত বিষয়। প্রতিটি সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে।”

গ্যাস দিয়ে গাড়ি চালানো এবং বাড়িতে রান্নার বিপক্ষে নিজের মতামত তুলে ধরে ইনু বলেন, গ্যাস পুড়িয়ে বাস-ট্রাক চালানো উচিত না। জ্বালানি ও পানির উপর গবেষণা করে লাগসই প্রযুক্তি উদ্ভাবন করতে হবে।