বিতর্ক অস্বাভাবিক কিছু নয়: আইনমন্ত্রী
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল নিয়ে সংসদ অধিবেশনে তীব্র প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘গণতন্ত্রের বিকাশে’ রাষ্ট্রের তিন স্তম্ভের মধ্যে বিতর্ক হওয়া অস্বাভাবিক কিছু নয়।
রোববার বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “একটা গণতন্ত্রের রুট গ্রো করতে চাইলে এই রকম সমস্যা-বিতর্ক রাষ্ট্রের তিনটা স্তম্ভের মধ্যে হয়, এটা স্বাভাবিক।”
উচ্চ আদালতের বিচারক অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে ২০১৪ সালে সরকার সংবিধানের ষোড়শ সংশোধনী আনে। এক রিট আবেদনের প্রেক্ষিতে গত বৃহস্পতি হাই কোর্টের রায়ে ওই সংশোধনী অবৈধ ঘোষণা করা হয়।
সংসদের মাধ্যমে বিচারক অপসারণ প্রক্রিয়াকে ‘ইতিহাসের একটি দুর্ঘটনা’ বলা হয় ওই রায়ে।
ওই রায়ের পর জাতীয় সংসদে তীব্র প্রতিক্রিয়া হয়। আইনমন্ত্রী আনিসুল হক হাই কোর্টের ওই রায়কেই ‘সংবিধান পরিপন্থি’ বলেন।
রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বিচারপতিদের বেতন-ভাতার বিল সংসদে উত্থাপনের সময় ওয়াকআউট করেন বিরোধী দলের সদস্যরা।
এ বিষয়ে সংবাদপত্রে প্রকাশিত শিরোনামের দিকে ইংগিত করে রোববার সাংবাদিকরা আইনমন্ত্রীকে প্রশ্ন করেন, ওই রায় নিয়ে রাষ্ট্রের দুটি প্রতিষ্ঠান মুখোমুখি অবস্থানে চলে গেল কি-না।
উত্তরে মন্ত্রী বলেন, “কিছু কিছু সময় আবেগও কাজ করে। কিন্তু সর্বোপরি আমি বলতে পারি, সংসদ সদস্যরা যেহেতু আইন প্রণয়ন করেন, বিচার বিভাগ যেহেতু তার ব্যাখ্যা দেন, সেই কারণে এই সব বক্তব্যে যদি কেউ বলে যে আইনসভা ও বিচার বিভাগ মুখোমুখি- আমি সেটা মানতে রাজি না।”
সেদিন অধিবেশনে আদালত নিয়ে সংসদ সদস্যদের বক্তব্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, “এই রায় হওয়ার পর আবেগের কিছু প্রকাশ... সেটা সংসদের ভেতরে হয়েছিল। সেটা যখন প্রকাশিত হয়েছে, নিশ্চয়ই কিছু কিছু কথা হয়তো কাউকে আঘাত করতে পারে। আমি যেটা বলতে চাই, ওই কথায় এটা বোঝায় না যে বিচার বিভাগ ও আইন সভা মুখোমুখি।”
রাষ্ট্রের দুই প্রতিষ্ঠানের মধ্যে কোথাও কিছু হয়ে থাকলে তা সামাল দেওয়ার সক্ষমতা সরকারের রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
“আমি মনে করি না... এই যে রায় এবং তার প্রতিক্রিয়া- এর কোনোটাই দেশের গণতন্ত্রের জন্য থ্রেট। ইট ইজ নট অ্যা থ্রেট।”
‘আদালতের ওই রায় দেওয়ার এখতিয়ার নেই’- সংসদে আইনমন্ত্রীর দেওয়া ওই বক্তব্য অবমাননামূলক ছিল বলে যে অভিযোগ একজন বিএনপি নেতা করেছেন, সে বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আনিসুল হক।
তিনি বলেন, “আমি যেটা বলেছি, এখতিয়ারের কথা। আমাদের যে সাবমিশন ছিল, সেই সাবমিশনের মধ্যে ব্যাপারটা বলা হয়েছে। যেহেতু মূল সংবিধানের মধ্যে এই বিধানটা ছিল, এর কমা, দাড়ি কোনোটার পরিবর্তন না করে সেটাকে প্রতিস্থাপন করা হয়েছে। ১৯৭৭-৭৮সালে মার্শাল ল’ ফরমান দিয়ে যে পরিবর্তন আনা হয়েছিলো, সেটাকে চেইঞ্জ করে।
“সেইক্ষেত্রে একটা সিদ্ধ আইনি তর্ক আছে যে, অরিজিনাল কনস্টিটিউশন ইজ এবভ জুডিশিয়াল রিভিউ। এটা একটা আর্গুমেন্ট। আমি সেই কথাটাই সংসদে বলেছিলাম। যেহেতু আমি আইনের মধ্যে ছিলাম, সেহেতু এটা আদালত অবমাননা হয় নাই।”
তাছাড়া সংসদের ভেতরে যা বলা হয়, তা আদালত অবমাননার বিচারের ‘এখতিয়ারের মধ্যে আনা যায় না’ এবং সে বিষয়ে আদালতে ‘প্রশ্ন তোলা যায় না’ বলেও তিনি মন্তব্য করেন।
“তার মানে এই না যে, আমি যেহেতু হাউজের ভেতরে কথা বললে আদালত অবমাননা হবে না, সেহেতু আমি আদালত অবমাননা করে হাউজের ভেতরে কথা বলব। নো। আমি এটা বলতে পারি... আমি আদালত অবমাননাকর কিছু বলি নাই।”
সংসদে দেওয়া বক্তব্যে আবেগের প্রকাশ ছিল কি-না, এ প্রশ্নে মন্ত্রী বলেন, “আমি কিন্তু সেদিন সুপ্রিম কোর্ট জাজেস রিমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ অ্যাক্ট উত্থাপন করেছিলাম। আমার যদি আবেগ থাকত, তাহলে কী আমি ওইভাবে কাজ করতাম?
“আমার একটা কথা, দেশটা আমাদের সকলের। দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমি শ্রদ্ধা করি। আমি আইনমন্ত্রী হওয়ার আগে একজন আইনজীবী ছিলাম। আমার পিতা একজন আইনজীবী ছিলেন। আমি যে বড় হয়েছি, এই সুপ্রিম কোর্ট থেকে আমার পিতা যা অর্জন করতেন- আমার শিক্ষা, আমার সবকিছু সেই পয়সা দিয়েই হয়েছে। সেইক্ষেত্রে আমি সুপ্রিম কোর্টকে অবমাননা করে কোনো কথা বলার বিষয়ে ভাবতেও পারি না।”
যুদ্ধাপরাধের অভিযোগে রাজনৈতিক দলের বিচারে আইন পাসে বিলম্বের কারণ জানতে চাইলে মন্ত্রী বলেন, মন্ত্রণালয় ইতোমধ্যে খসড় তৈরি করে পাঠিয়ে দিয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ শিগগিরই হয়তো তা মন্ত্রিসভায় তুলবে।
