২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় পুলিশ সদস্যকে ‍কুপিয়ে আহত

পুরান ঢাকার বংশালে পুলিশের এক এএসআইকে দুর্বৃত্তরা কুপিয়ে আহত করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2016, 11:53 AM

Updated : 20 Aug 2022, 12:39 PM

নবাবপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত আনিসুর রহমান জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বংশালের রহমান ব্রাদার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পাশে ঢাকা গলিতে তার উপর হামলা হয় বলে বংশাল থানার এসআই আরশাদ আলম জানিয়েছেন।

তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় জানিয়ে হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, “আনিসুরের তার কানে, ঘাড়ে, বুকে ও পায়ে এলোপাতাড়িভাবে কোপোনো হয়েছে।”

সকালে এএসআই আনিসুর রহমানের নেতৃত্বে টহলে ছিলেন কন্সটেবল আবদুল মান্নান, রফিকুল ইসলাম ও আবুল কালাম।

কনস্টেবল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার সকাল ৮টা থেকে নবাবপুর রোড ও সুন্দরবন সুপার মার্কেটে আনিসুর রহমান স্যারের নেতৃত্বে আমরা নিরাপত্তার দায়িত্ব পালন করছিলাম।

“পৌনে ৯টার দিকে নবাবপুর রোডে গেলে স্যার বলেন, ‘আপনারা সামনে আগান, আমি একটা কাজ শেষ করে আসি। এর কিছুক্ষণ পর একজন রিকশাওয়ালা আমাদের বলে, আপনাদের পোশাক পড়া একজনের উপর হামলা হয়েছে। তারপর দেখি, রক্তাক্ত অবস্থায় স্যারকে একটা ভ্যানে করে আনা হচ্ছে।”

বংশাল থানার ওসি নূরে আলম সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কী কারণে তার উপর হামলা হয়েছে তা এখনো পরিষ্কার না। তবে কারা হামলা চালিয়েছে, সে ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।

“এদের মধ্যে স্থানীয় দোকানদার রয়েছে। ওই এলাকার প্লাস্টিক ও পাইপের একটি দোকানের মালিক আনিসের উপর হামলা করেছে বলে স্থানীয়রা বলছে।”

পুলিশের লালবাগ জোনের উপকমিশনার মফিজ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, “একজন দোকানদার তার উপর হামলা চালিয়েছে বলে শোনা যাচ্ছে। কী কারণে হামলার ঘটনা ঘটেছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।”