চতুর্থ ধাপে ৭০৩ ইউপিতে ভোট শুরু
অনিয়মের অভিযোগ ও সহিংসতার মধ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় ‘তুলনামূলক ভালো’ নির্বাচনের আশায় চতুর্থ ধাপের ৭০৩ ইউনিয়ন পরিষদের ভোট শুরু হয়েছে।
শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ৪৭ জেলার ৮৮ উপজেলার সাত শতাধিক নির্বাচনী এলাকায় সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে।
ইসি সচিব মো. সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাহী ও বিচারিক হাকিম টহলে রয়েছেন।
“আশা করছি, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে। ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবেন এবং ভোটাধিকার প্রয়োগ করে নিরাপদে ফিরবেন।”
ইতোমধ্যে তিন ধাপের ভোট শেষ হয়েছে। গত ১১ ফেব্রুয়ারি তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত ৭০ জনেরও বেশি লোকের প্রাণহানি ঘটেছে।
এ অবস্থায় জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ-জানিপপ চেয়ারম্যান অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কমিশন এখন নড়েচড়ে বসছে। কিন্তু আমাদের উদ্বেগটা হচ্ছে সহিংসতা নিয়ে। ভোটকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা কাম্য নয়। এ জন্য সহিংসতা যাতে না হয়, ইসি ও আইন শৃঙ্খলাবাহিনীকে তা নিশ্চিত করতে হবে।”
দলভিত্তিক প্রথম ইউপি নির্বাচন হওয়ায় রাজনৈতিক দলগুলোকেও এর দায় নিতে হবে বলে মনে করেন তিনি।
“সহিংসতা রোধে দলগুলোকেও সহিষ্ণু মনোভাব দেখাতে হবে। প্রথম ধাপে সহিংসতা কম হলেও দ্বিতীয় ধাপে তা বেড়েছে। তৃতীয় ধাপে অনেকটা কমেছে। চতুর্থ ধাপে এ বিষয়ে জিরো টরালেন্স দেখাতে হবে। এটা কথায়, নয় কাজে প্রমাণ দেখাতে হবে সবাইকে,” বলেন জানিপপ চেয়ারম্যান।
এ নির্বাচনকে ঘিরে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সুষ্ঠু হচ্ছে দাবি করলেও ভোটকে বিতর্কিত করতে বিএনপি ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করে আসছে।
বিএনপিও এ নির্বাচনকে অর্থহীন অভিহিত করে সহিংসতার জন্য ক্ষমতাসীন দলকে দায়ী করে আসছে।
সহিংসতা ও অনিয়ম ‘শূন্যের কোটায়’ আনতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা রয়েছে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের।
তিনি বলেন, “রাজনৈতিক দলের কর্মীদের অসহিষ্ণুতার কারণে সহিংসতা ঘটছে। আমরা সবার সহযোগিতা চাই। আগের তুলনায় এবার ইতিবাচক পার্থক্য লক্ষ্য করা গেছে। আশা করি, আগামী নির্বাচনগুলো কোনো ধরনের গোলযোগ ছাড়াই শান্তিপূর্ণ ভোট হবে।”
চতুর্থ ধাপের ভোট তথ্য |
# ভোট ৪৭ জেলার ৮৮ উপজেলার ৭০৩ ইউপিতে # মোট ভোটার ১ কোটি ১০ লাখের বেশি # ৭ হাজার ৬২টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা হবে ভোটগ্রহণ # চেয়ারম্যান পদে ৩২৪৫ জন, সাধারণ সদস্য পদে ২৪১৮৭ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৭১৫৯ প্রার্থী # বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে ৩৫ জন, সদস্য পদে ২২৭ জন ও সংরক্ষিত সদস্য পদে ৯৮ জন নির্বাচিত # ১লাখের বেশি ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দেড় লাখ
|
দল ও প্রার্থী |
চেয়ারম্যান পদে মোট ১৬টি রাজনৈতিক দলের প্রার্থী ৩২৪৫ জন, ১ হাজার ৫২২ জন স্বতন্ত্র চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আওয়ামী লীগের প্রার্থী নেই, বিএনপির প্রার্থী নেই ১০৬ ইউপিতে। দলীয় প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের ৭২৪ জন, বিএনপির ৬১৯ জন, জাতীয় পার্টির ১৫৬ জন, জাসদের ৪২ জন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৯ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ১৫৪ জন, জাতীয় পার্টি- জেপির ৩ জন, তরীকত ফেডারেশনের ২ জন, এনপিপির ১ জন, সিপিবির ১ জন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ৪ জন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ২ জন, বিএনএফের ২ জন, কৃষক শ্রমিক জনতা লীগের ২ জন, ইসলামী ঐক্যজোটের ১ ও অন্য দল ১ জন।
|
তফসিল ঘোষণার পর আদালতের নির্দেশনা ও নানা অভিযোগের কারণে এ পর্যন্ত অন্তত ২২ টি ইউপির ভোট স্থগিত করা হয়েছে।
ইউপি নির্বাচন ঘিরে এ পর্যন্ত একজন এসপি, অন্তত ১০ জন ওসিকে প্রত্যাহার করা হয়েছে। একজন সাংসদের বিরুদ্ধে মামলা, একজন উপজেলা চেয়ারম্যান ও একজন মেয়রকে বরখাস্ত করা হয়েছে।
একজন এসপি ও পাঁচজন ওসিকে তলব করা হয়েছে। একজন সাংসদকে এলাকা ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে।
ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ সচিব ফরহাদ আহাম্মদ খান বলেন, “ইতোমধ্যে নেওয়া বিভিন্ন ব্যবস্থার কারণে শনিবারের ভোট অপেক্ষাকৃত ভালো হবে আশা করছি। ভোটকে সামনে রেখে সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে।”
ছয় ধাপের এ ভোটের জন্য গত ১১ ফেব্রুয়ারি প্রথম ধাপের তফসিল ঘোষণা হয়। ৪ জুন হবে ষষ্ঠ ধাপের ভোটের মধ্য দিয়ে এ নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে ইসির।
স্থানীয় সরকারের সবচেয়ে তৃণমূলের এই নির্বাচনে চেয়ারম্যান পদে এবারই প্রথম দলীয় প্রতীকে ভোট হচ্ছে।
তিন ধাপের ফল: আ. লীগ ১৩৯৬, বিএনপি ১৭৩ |
# প্রথম ধাপে ৭৪ শতাংশ, দ্বিতীয় ধাপে ৭৮ শতাংশ ও তৃতীয় ধাপে ৭৬ শতাংশ ভোটগ্রহণ # প্রথম ধাপের চূড়ান্ত ফলে আওয়ামী লীগের চেয়ারম্যান হয়েছেন ৪৯৪ জন ও বিএনপির ৫০ জন, স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ১০৯ ইউপিতে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আওয়ামী লীগের ৫৪ জন # দ্বিতীয় ধাপে নৌকা প্রতীকের ৪১৯ জন ও ধানের শীষের ৬৩ জন বিজয়ী হন। ১১৭ ইউপিতে জয় পান স্বতন্ত্র প্রার্থীরা। এ ধাপে আওয়ামী লীগের ৩৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত # তৃতীয় ধাপের ভোটে আওয়ামী লীগের চেয়ারম্যান হয়েছেন ৩৬৬ জন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২৯ জন। এ ধাপে বিএনপি প্রার্থীরা ৬০টি ইউপিতে জয়ী হয়েছেন; স্বতন্ত্র প্রার্থীরা জয় পান ১৩৯টিতে
|
