শ্রমিক-মালিক সুসম্পর্ক রেখে উৎপাদন বাড়াতে হবে: প্রধানমন্ত্রী
শিল্প কারখানায় উৎপাদনের চাকা সচল রাখার স্বার্থে নিজেদের মধ্যে সুসম্পর্ক রাখতে শ্রমিক ও মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মে দিবসে রোববার ঢাকায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় বক্তব্যে এই আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা বলেন, “উৎপাদন বাড়াতে হলে আমাদের মালিক-শ্রমিকদের একটা সুন্দর সুসম্পর্ক থাকা প্রয়োজন।”
এই সুসম্পর্ক থাকার ফল যে উভয়ের জন্য লাভজনক হবে, সে বিষয়টি তুলে ধরেন তিনি।
“মালিকদের যেমন সবসময় চিন্তা করা উচিৎ, যে শ্রমিক তার কারখানায় কাজ করে সে যদি একটা সুন্দর পরিবেশ পায়, কাজ করতে পারে; তাতে উৎপাদন ভালো হবে, উৎপাদন মানসম্মত হবে। আবার শ্রমিকরাও আনন্দের সাথে কাজ করবে।”
“উৎপাদন বাড়লে মালিকরাই বেশি লাভবান হবেন,” উল্লেখ করে প্রধানমন্ত্রী ‘জীবন-জীবিকা’ নির্বাহের স্থান হিসেবে কারখানা টিকিয়ে রাখতে শ্রমিকদের দায়িত্বশীলতা প্রত্যাশা করেন।
“কাজেই উভয়েরই কিন্তু একটা দায়িত্ব রয়েছে। এই দায়িত্ববোধটা সকলের মধ্যে থাকতে হবে। শ্রমিক-মালিক একটা সুসম্পর্ক গড়ে উঠুক বাংলাদেশে এবং সুন্দরভাবে আমাদের কলকারখানাগুলো চলুক এবং আমাদের দেশটা এগিয়ে যাক সেটাই আমরা চাই।”
মে দিবসের এই অনুষ্ঠানে বিভিন্ন শিল্প-কারখানার মালিক-শ্রমিক উভয় পক্ষের প্রতিনিধিরাই উপস্থিত ছিলেন।
তিনি বলেন, “এদেশে শ্রমিকদের কল্যাণ করা, আমি মনে করি এটা আমাদের কর্তব্য। আমরা যদি দেশকে উন্নত করতে চাই, তাহলে যেমন আমাদের শিল্প কল-কারখানা গড়ে তুলতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, সেই সঙ্গে আমাদের শ্রমিকদেরও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
“কারণ তাদের ঘাম, তাদের শক্তি, তাদের শ্রম দিয়েই তো উৎপাদন, তারাই উৎপাদন করে দেশের অর্থনীতিতে অবদান রাখে।”
আওয়ামী লীগ সরকারের সময় শ্রমিকদের বেতন বৃদ্ধি, আবাসন সুবিধা বাড়ানো, হাসপাতাল তৈরি এবং কর্মস্থলে নিহত, আহত শ্রমিকদের সহায়তা এবং সন্তানদের জন্য বৃত্তিমূলক ব্যবস্থা গ্রহণ করাসহ বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তিনি।
তৈরি পোশাককর্মীদের ন্যূনতম বেতন ৫ হাজার টাকা নির্ধারণের কথা বলতে গিয়ে নিজেকে শ্রমিকদের ‘বারগেইনিং এজেন্ট’ হিসেবে পরিচয় করিয়ে দেন শেখ হাসিনা।
“শ্রমিকদের জন্য বারগেইনিং এজেন্ট বলতে আমিই ছিলাম। শ্রমিকরা কিন্তু আমার কাছে দাবি নিয়ে আসেনি। আমি মালিকদের সঙ্গে কথা বলে করে দিয়েছি। বেতনটা বৃদ্ধি করি।
“আমার কাছে দাবি দাওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আমি নিজেই জানি,কী করতে হবে।”
“আমরা ব্যবসা-বাণিজ্য করতে আসিনি। আমরা কল্যাণ করতে এসেছি,” বলেন তিনি।
১৯৯১ থেকে ১৯৯৬ সালে বিএনপির শাসনামলে শ্রমিক ও কৃষকদের দাবি আদায়ের আন্দোলনে গুলি চালিয়ে হত্যার কথা তুলে ধরে তার নিন্দাও জানান শেখ হাসিনা।
শিল্প উৎপাদন বাড়াতে দেশের বিভিন্ন স্থানে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে জানিয়ে সেখানে কারখানা গড়ে তুলতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান।
যত্রতত্র কারখানা স্থাপনে কৃষিজমি নষ্ট হওয়ার দিকটি তুলে ধরে তিনি বলেন, “শিল্পায়নের জন্য আমরা জায়গা নির্দিষ্ট করে দিয়েছি, সেখানে আপনারা শিল্প স্থাপন করবেন। তাহলে আমরা গ্যাস-বিদ্যুৎ দিতে পারব।”
শ্রমিকদের জন্য বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপ নেওয়ার পাশাপাশি শিল্প কারখানায় নিরাপত্তার বিষয়টিও দেখা হচ্ছে বলে জানান শেখ হাসিনা।
