২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে হাতকড়া হাতে ৩ শিশু

রাজধানীর মিরপুর মডেল থানার এক বিস্ফোরক মামলায় হাতকড়া পরিয়ে তিন শিশুকে আদালতে তুলেছিল পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2016, 12:36 AM

Updated : 12 Apr 2022, 01:57 AM

বুধবার সন্ধ্যায় তাদেরকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদনও করা হয়; তাদের বয়স দেখানো হয় ১৪ থেকে ১৫ বছর, যে বয়সটি শিশু বলে স্বীকৃত।   

আদালতে রিমান্ড আবেদনের শুনানির সময়ও তাদের হাতকড়া পরানো ছিল, যা আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে আইনজ্ঞরা জানিয়েছেন।

শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম লুৎফর রহমান শিশির তাদেরকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন বলে জানান সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আলতাফ হোসেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিরপুর মডেল থানার এসআই মারুফুল ইসলাম বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা করেন।

যে মামলায় মঙ্গলবার সন্ধ্যায় তাদেরকে পীরেরবাগ নিউ মডেল ইন্টারন্যাশনাল স্কুলের সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ।

তবে তাদেরকে হাতকড়া পরা অবস্থায় কাঠগড়ায় তোলার বিষয়টি জানেন না বলে দাবি করেন সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আলতাফ।

ঘটনার প্রতিক্রিয়া জানতে চাইলে ঢাকার একটি বিশেষ জজ আদালতের সাবেক বিচারক সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশু আইন অনুযায়ী ১৮ বছরের নিচে সবাইকে শিশু হিসেবে গণ্য করা হয়। এদেরকে হাতকড়া বা কোমরে দড়ি পরানোর বিষয়ে আইনে সুস্পষ্টভাবে নিষেধ করা হয়েছে।

তিনি বলেন, “২০১৩ সালের শিশু আইন অনুযায়ী, শিশুদের বিচারের জন্য আদালত রয়েছে। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে একটি শিশু আদালত রয়েছে, মহানগর দায়রা জজ আদালতেও একজন বিচারককে শিশু আদালতের দায়িত্ব দেওয়া আছে।”

তবে পুলিশ বেশিরভাগ ক্ষেত্রে এসব নিয়ম-কানুনের তোয়াক্কা করে না বলে মন্তব্য করেন সাবেক বিচারক সিরাজুল।

এই বিষয়ে ঢাকার আদালতের আইনজীবী দুলাল মিত্র ক্ষোভের সঙ্গে বলেন, “শিশুদের বিষয়ে পুলিশের এসব কাজ আদালতে ডাল-ভাতের মতো। এসব লিখে কী হবে?”

প্রায় প্রত্যেক দিন আদালতপাড়ায় এসব ঘটনা ঘটে জানিয়ে তিনি বলেন, “ঢাকার মহানগর পুলিশ অধ্যাদেশ অনুযায়ী শিশু যৌনকর্মীদের কোমরে দড়ি বেঁধে বড় অপরাধী বানিয়ে হর-হামেশাই আদালতে তোলা হয়। আইনজীবী বিচারক বিচারপ্রার্থী সবাই এসব ঘটনা দেখেন, কিন্তু কেউ কিছুই বলেন না; প্রতিবাদ করেন না।”

ওই তিন শিশুকে হাতকড়া পরানো অবস্থায় কাঠগড়ায় তোলার বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট আদালত পুলিশের কর্মকর্তা আলতাফ বলেন, “কাঠগড়ায় তাদের হাতে হাতকড়া ছিল কি না আমি খেয়াল করিনি। হাতকড়া পরানো বা না পরানোর বিষয়টি দেখভালের দায়িত্ব ওসি হাজতের; আমি কিছু বলতে পারব না।”

এ ব্যাপারে জানতে বেশ কয়েকবার ওসি হাজত মুরাদ হোসেনের টেলিফোনে কল করা হলেও সাড়া পাওয়া যায়নি।