ইউপি ভোটের কারণে আঙুলের ছাপ নেওয়া বন্ধ নয়: ইসি
দেশজুড়ে চলমান বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধনে আঙুলের ছাপ হালনাগাদ করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
চলমান ইউনিয়ন পরিষদ ভোটের কারণে তাদেরকে এ সেবা বন্ধ না রাখতে বলা হয়েছে বলে জানিয়েছেন ইসির জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (এনআইডি উইং) সহকারী পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
আগামী শনিবারের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম ও রিম পুনঃনিবন্ধনের সময় বেঁধে দেওয়া রয়েছে। অনিবন্ধিত সিমগুলো প্রথমে কয়েক ঘণ্টা এবং পরে একেবারে বন্ধ করে দেওয়া হবে বলে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলে আসছেন।
নানা জটিলতায় অর্ধ কোটিরও বেশি গ্রাহকের আঙুলের ছাপ না মিললেও নির্বাচন অফিসে গিয়ে নতুন করে আঙুলের ছাপ দিয়ে তা হালনাগাদের সুযোগ রেখেছে ইসি।
জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অণুবিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বুধবার মাঠ কর্মকর্তাদের এক নির্দেশনায় বলেন, বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইলের সিম নিবন্ধনে যদি কারও আঙুলের ছাপ আপডেট করার প্রয়োজন পড়ে সে বিষয়ে আবেদনকারীদের সহযোগিতা করতে হবে।
জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা দিতে প্রত্যেক উপজেলায় দুই জন অপারেটর পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বর্তমানে দেশে প্রায় ১০ কোটি ভোটার রয়েছে; নিবন্ধনের সময় যাদের আঙুলের ছাপও নেওয়া হয়।
বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে আঙুলের ছাপ দিচ্ছেন একজন। (ফাইল ছবি)
দেশের ছয় মোবাইল অপারেটরের হিসাবে, বিক্রি হওয়া ১৩ কোটি ১০ লাখ সিম ও রিমের মধ্যে আট কোটি সক্রিয় আছে।
নিবন্ধনে বায়োমেট্রিক পদ্ধতি চালু হওয়ার পর আঙুলের ছাপ না দিয়ে নতুন সিম কেনা যাচ্ছে না। পাশাপাশি চলছে পুরনো সিমের পুনঃনিবন্ধন।
বায়োমেট্রিক পুনঃনিবন্ধন কাজে সংশ্লিষ্ট বিটিআরসির এক কর্মকর্তা জানান, গত সপ্তাহ পর্যন্ত ৬ কোটি ৩৫ লাখেরও বেশি সিমের পুনঃনিবন্ধন হয়েছে। এর বাইরে ৬২ লাখেরও বেশি গ্রাহকের আঙুলের ছাপ জাতীয় পরিচয়পত্রের সঙ্গে না মেলায় আটকে আছেন তারা।
এছাড়া জাতীয় পরিচয়পত্রের হালনাগাদে তথ্য সংগ্রহ এবং ১৫ থেকে ১৭ বছর বয়সীদের অনেকের তথ্য নিলেও তাদের এখনও জাতীয় পরিচয়পত্র দেয়নি ইসি; এদের সিম কীভাবে পুনঃনিবন্ধিত হবে তারও কূলকিনারা করতে পারছে না অপারেটররা।
