ঢাকায় দুর্ঘটনায় ভিক্ষুক ও পরিচ্ছন্নতাকর্মী নিহত
রাজধানীর মতিঝিল ও জিগাতলায় সড়ক দুর্ঘটনায় এক ভিক্ষুক ও সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- শামছুর রহমান (৬০) ও মো. সহিদ (৫০)।
মতিঝিল থানার এএসআই রমজান আলী জানান, বুধবার দুপুরে কমলাপুর রেল স্টেশনের সামনে বাসের ধাক্কায় গুরুতর আহত হন ভিক্ষুক শামছুর রহমান।
“দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
নিহত শামছুর বাড়ি বগুড়ায় বলে জানিয়েছেন এএসআই রমজান।
এর আগে মঙ্গলবার রাত দেড়টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী সহিদকে মৃত ঘোষণা করেন ঢাকা মেডিকেলের চিকিৎসকরা।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আনিসুজ্জামান বলেন, “সহিদকে যারা হাসপাতালে এনেছিল, তারা জানিয়েছে, রাতে জিগাতলায় রাস্তা ঝাড়ু দেওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় আহত হয়েছিল সহিদ।”
