তেলের সঙ্গে পরিবহন ভাড়াও কমানোর দাবি
জ্বালানি তেলের দাম কমানোর পর গণপরিবহনের ভাড়াও কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।
সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, “গণপরিবহনের ভাড়া কমানোর জন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে সরকারেএ প্রতি জোর দাবি জানাই।”
গত ২৫ জুলাই সরকার ডিজেলের দাম প্রতি লিটারে তিন টাকা, অকটেন ১০ টাকা, পেট্রোল ১০ টাকা ও কেরোসিন তিন টাকা করে কমিয়েছে। অর্থাৎ ডিজেল ও কেরোসিনের দাম ৪ শতাংশ এবং অকটেন ও পেট্রোলের দাম ১০ শতাংশের মতো কমেছে।
জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে গণপরিবহনের ভাড়া কমানো হবে বলে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের আগে জানিয়েছিলেন।
মানববন্ধনে বাসদ নেতা রাজেকুজ্জামান রতন এখনও পরিবহন ভাড়া না কমানোয় ক্ষোভ প্রকাশ করেন।
সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স বলেন, “গত ৩০ বছরে পাঁচ দফা জ্বালানি তেলের মূল্য কমানোর পর দুই দফা কাগজপত্রে গণপরিবহনের ভাড়া কমানো হলেও এই সুবিধা দেশের যাত্রী সাধারণ পায়নি।”
২০০৮ সালে ডিজেলের মূল্য ৫৫ টাকা থেকে কমে ৪৮ টাকা হলেও গণপরিবহনের ভাড়া ৭ পয়সা এবং ২০০৯ সালে ডিজেলের মূল্য ৪৮ থেকে কমে ৪৪টাকা হলেও গণপরিবহনের ভাড়া ৪ পয়সা কমানোর উল্লেখ করেন তিনি।
প্রিন্স বলেন, “কাগজপত্রে কমানো এই ভাড়া বাস্তবায়নে সংশ্লিষ্টদের তৎপরতাও ছিল না। জ্বালানি তেলের মূল্য কমানোর এই সুবিধা থেকে যাত্রী সাধারণ এবারও বঞ্চিত হবে শঙ্কা দেখা যাচ্ছে।”
