২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিন্ন মতের কারণে হত্যা সমর্থনযোগ্য নয়: প্রধান বিচারপতি

ভিন্ন ধর্ম বা মতের কারণে যদি কাউকে হত্যা করা হয় তাহলে পৃথিবী মানুষের বাসযোগ্য থাকবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি এসকে সিনহা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2016, 10:54 PM

Updated : 12 Apr 2022, 01:55 AM

মঙ্গলবার সুপ্রিম কোর্ট মাজারে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, এ কারণে কাউকে হত্যা সমর্থনযোগ্য হতে পারে না।

দুদিন আগে সন্ত্রাসীর কোপে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক নিহতের পর সোমবার রাজধানীর কলাবাগানে নিজ বাসায় খুন হন ইউএসএআইডির কর্মকর্তা, সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়।

দুটি ঘটনার পরেই আইএসের দায় স্বীকারের খবর প্রকাশ করে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।

প্রধান বিচারপতি বলেন, “এটা অস্বীকার করার সুযোগ নেই, বরং দৃঢ়ভাবে বলা যায় বিশ্বের অন্য যে কোনো দেশের জন্য বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির এক উদাহরণ। অন্যান্য ধর্মাবলম্বীরাও এখানে নিষ্ঠার সাথে ধর্মীয় সম্প্রীতির আবহে তাদের ধর্ম-কর্ম পালন করেন। এটি এ দেশের ঐতিহ্য ও গর্ব।

“তবে, মাঝে মধ্যে ধর্মীয় বিভেদের কারণে খুন, মারামারি এবং ভাংচুরের সংবাদ সংবাদপত্রে দেখা যায়। এটা যে কেবল ভিন্ন ধর্মালম্বী হওয়ার কারণে তা নয়; মুসলিমদের বিভিন্ন সম্প্রদায়ের মাঝেও এরকম ঘটতে দেখা যায়।

“এক ধর্মের লোক অন্য ধর্মাবলম্বীদের সহ্য করতে না পারা অথবা ভিন্ন মতের কারণে যদি মানুষকে হত্যা করতে হয় তাহলে পৃথিবী মানুষের জন্য বাসযোগ্য থাকবে না। আমি বিশ্বাস করি এই উগ্র মতাদর্শকে আমি যেমন সমর্থন করি না আপনারাও নিশ্চয়ই করবেন না।”

সুপ্রিম কোর্ট মাজারের ওই অনুষ্ঠানে বিভিন্ন ধর্মাবলম্বী ১৩১ জন শিক্ষার্থীকে ১৪ লাখ টাকার বৃত্তির চেক দেওয়া হয়, যাদের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীও রয়েছেন।

বৃত্তির প্রসঙ্গ টেনে প্রধান বিচারপতি বলেন, শিক্ষা মানুষকে মুক্তির পথ দেখায় আর ধর্মীয় শিক্ষা মানুষকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করে। ধর্মীয় শিক্ষা মানুষের মনুষ্যত্ববোধ, নীতি-নৈতিকতাকে জাগ্রত করে, ধ্বংস করে সকল কুমন্ত্রণা ও রিপুকে, দূরে রাখে সকল কু-সংস্কারকে।

“কিন্তু সমাজ ও যুগের চাহিদা অনুসারে শিক্ষার মান উন্নত না হলে এর মূল উদ্দেশ্য ব্যাহত হয়।

“তাই সমকালীন সমাজ ও মানুষের দিকে লক্ষ্য রেখে শিক্ষার মানোন্নয়ন অপরিহার্য।”

ধর্মকে মানব জীবনের চালিকা শক্তি হিসাবে উল্লেখ করে এস কে সিনহা বলেন, “আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তি, সভ্যতা মানুষের লোভকে লাগামহীন করে তুলেছে। সারা বিশ্বে  মানবতা আজ বিপর্যস্ত ও বিপন্ন। আমাদের মাঝে ন্যায়বিচার, সুশাসন, কল্যাণ, ঐক্য, শৃঙ্খলা ও নৈতিকতাবোধের বড়ই অভাব।”

মাজার কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।