অর্থায়নের সঙ্গে প্রযুক্তি সহায়তাও দেবে পিকেএসএফ
দারিদ্র্য বিমোচনে অর্থায়নের পাশাপাশি তৃণমূলের উদ্যোক্তাদের এখন থেকে প্রযুক্তিগত সহায়তায় দেবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
এজন্য ইনস্টিটিউশন অফ অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) সঙ্গে পিকেএসএফের একটি সমঝোতা চুক্তি হয়েছে।
মঙ্গলবার পিকেএসএফ সম্মেলন কক্ষে এ চুক্তিতে সই করেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল করিম ও আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদ।
এ সময় পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে খলীকুজ্জমান বলেন, “পিকেএসএফ এখন আর ক্ষুদ্রঋণ দানকারী প্রতিষ্ঠান নয়। এটি এখন দরিদ্র মানুষের মধ্যে এক লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেয়।
“এখন নতুন একটি কর্মসূচি হচ্ছে দরিদ্র মানুষের মধ্যে থেকে তৃণমূল উদ্যোক্তা বাছাই করে তাদের প্রয়োজন অনুযায়ী প্রযুক্তি হস্তান্তর করা।”
তিনি বলেন, “কারও হয়ত ঋণের টাকায় কেনা অথবা নিজস্ব দুটি গাভী থাকে। কিন্তু সেই গাভীর দুধ প্রক্রিয়াজাত বা সংরক্ষণের ব্যবস্থা নেই। অথচ সংরক্ষণ করা গেলে তার মূল্য বৃদ্ধি পাবে। সেই রকমের উদ্যোক্তাদের কাছে পিকেএসএফ প্রযুক্তি হস্তান্তর করবে।”
দারিদ্র্য দূর করতে এ প্রক্রিয়া ক্ষুদ্রঋণের চেয়ে অনেক বেশি কার্যকর হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদ বলেন, “দরিদ্র মানুষের কাছে প্রযুক্তি পৌঁছাতে পারলে গ্রামের মানুষ দক্ষ হয়ে উঠবে। এভাবে দক্ষ বাংলাদেশ গড়ে উঠবে। দক্ষ বাংলাদেশ গড়ে তুলতে পারলে দেশ থেকে দারিদ্র্য দূর হবে।”
