কেবল ও আইপি টিভি অনুমোদন ‘নীতিমালার পর’
নীতিমালা ঠিক করে তারপর সরকার কেবল টিভি এবং আইপি টিভির অনুমোদন দেবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার সচিবালয়ে সম্মিলিত কেবল অপারেটর অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে মন্ত্রী এ কথা বলেন।
সাংবাদিকদের উপস্থিতিতে এ বৈঠকে ইনু বলেন, “কেবল টিভির জন্য একটি বিধান করতে হবে। নীতিগতভাবে আমি এটা সাপোর্ট করি, পৃথিবীর সব জায়গায় এটা আছে।”
দেশে কেবল টিভিতে চলচ্চিত্র দেখানো ছাড়াও অন্যান্য কার্যক্রম পরিচালনার তথ্য তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, নীতিমালা না থাকার কারণে এতে সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে।
মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, “কেবল টিভি ও আইপি টিভি কীভাবে দেওয়া যায় তার একটা বুদ্ধি বের করেন।”
বিষয়টি সরকার ইতিবাচকভাবে দেখছে জানিয়ে ইনু বলেন, “এতগুলো টিভি চ্যানেল চলছে, কেবল টিভি চলতে অসুবিধা কী? কেবল অপারেটরদের ভেতর থেকেই কেবল টিভি দেওয়া হবে। আপনারা (কেবল অপারেটর) ঠিক করবেন- একটা জেলায় কয়টি কেবল টিভি দিতে হবে।”
কত ফি নিয়ে এবং কোন পদ্ধতিতে কেবল টিভি ও আইপি টিভির লাইনেন্স দেওয়া হবে- সে বিষয়ে নীতিমালা প্রণয়ন করতেও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশনা দেন তথ্যমন্ত্রী।
বৈঠকের শুরুতে কেবল অপারেটরদের বিভিন্ন দাবি ও সমস্যা সম্বলিত একটি লিখিত প্রতিবেদন মন্ত্রীর হাতে তুলে দেন সম্মিলিত কেবল অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি মীর হোসেন আক্তার।
ইনু বলেন, প্রতিবেদনটি পরীক্ষা করে সবাই মিলে বসে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে।
বৈঠকে উপস্থিত একজন অভিযোগ তোলেন, বিভিন্ন এলাকায় কেবল টিভি ‘দখল করে’ নেওয়া হচ্ছে।
এ বিষয়ে মন্ত্রী বলেন, “সন্ত্রাসী কায়দায় কেউ চাপ প্রয়োগ করলে তাদের নাম, এলাকা এবং কোন জায়গা দখল করতে চাচ্ছে তা মন্ত্রণালয়ে পাঠাবেন, আমরা হস্তক্ষেপ করব।”
ইনু বলেন, ডিজিটাল কেবল চালু হলে অপারেটররা যেন ক্ষতিগ্রস্ত না হয়- মন্ত্রণালয় সে বিষয়ে নজর রাখছে। নতুন পদ্ধতির সঙ্গে কীভাবে সমান্তরালভাবে ব্যবসা চালানো যায়, তাও দেখা হবে।
“কেবল ব্যবসা নিয়ে যেন কোনো বিরোধ না হয় সেটা দেখার দায়িত্ব মন্ত্রণালয়ের।”
মন্ত্রী বলেন, সম্প্রচার যেহেতু ডিজিটাল হচ্ছে, সেই হিসেবে কেবল নেটওয়ার্ককে ডিজিটাল করাও যুগের চাহিদা।
ডিজিটাল কেবল টিভি
সেট টপ বক্স (এসআইবি) ব্যবহার করে ফাইবার অপটিক কেবলের মাধ্যমে গ্রাহকের বাড়ি বাড়ি দেওয়া হবে এই সেবা।
অ্যানালগ টিভিতে ১০৬টির বেশি চ্যানেল দেখা যায় না। এইচডি চ্যানেলগুলোর ক্ষেত্রেও সমস্যা হয়। ডিজিটাল কেবল টিভিতে এই জটিলতা থাকবে না বলে অপারেটররা জানাচ্ছেন।
“যারা ডিজিটাল পদ্ধতিতে যাচ্ছেন, সেখানে আমাদের তরফ থেকে বাধ্যবাধকতা নেই যে কারা করা এই ব্যবসা করবেন। যে কোনো কেবল অপারেটর তাদের মতো করে সেট টপ বক্স করে ব্যবসা করতে পারেন। এখন মন্ত্রণালয়ের কোনো অনুমতি লাগছে না। একচেটিয়া ব্যবসা কেউ করুক তা চাই না,” বলেন ইনু।
ঢাকা ও চট্টগ্রামে কেবল নেটওয়ার্ক ডিজিটাল করতে সময় নির্ধারণ করে দিয়ে অন্য ব্যবসায়ীদের এ বিষয়ে উৎসাহী করা হবে বলে তথ্যমন্ত্রী জানান।
