‘শতভাগ টাকা দিয়েও ক্ষমতা নেই’
সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া নিয়ে খেদ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
তিনি অভিযোগ করেন, এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহিতা নেই।
সোমবার ‘বাজেট ফর এডুকেশন ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে শিক্ষামন্ত্রী বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোতে পাস-ফেইলের পরীক্ষা হয় না। আপনাদের চেষ্টা হইলো ওকে (পরীক্ষার্থী) ফেল করানো। অথচ সে (শিক্ষার্থী) ৯০ ঘণ্টা পরীক্ষা দিয়ে এসএসসি এইচএসসি পাস করে আসছে।”
রাজধানীর লেকশোর হোটেলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এই সেমিনার আয়োজন করে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, “আমরা পাবলিক ইউনিভার্সিটিতে শতভাগ টাকা দিই। কিন্তু আমাদের ক্ষমতা হইল শূন্যভাগ। জবাবদিহিতার প্রশ্ন আসে না?”
শিক্ষার মান বাড়ানো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার প্রধান চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি।
অতিরিক্ত ফি আদায়কারী স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, “এ বছর রাজধানীর স্কুলগুলো অবিভাবকদের কাছ থেকে যে অতিরিক্ত আদায় করেছিল, ৮৮৭টি স্কুল সে অর্থ ফেরত দিয়েছে।”
আগামী থেকে এসএসসি ও এইএসসি পরীক্ষায় এমসিকিউর প্রশ্ন থেকে ১০ নম্বর কমানো হবে বলে জানান নাহিদ।
তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার মান বাড়ানো বা উন্নত করতে হলে অর্থায়নের কোনও বিকল্প নেই। তাই আগামী বাজেট থেকে এ খাতে বরাদ্দ আরও বাড়ানো উচিত।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া বলেন, “সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য বিশেষ কোনও সুপারিশ নেই। আমাদের বাজেটেও তাদের বিষয়ে তেমন কিছুই থাকে না।”
বিশেষ অতিথির বক্তব্যে সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, “শিক্ষার মান নিয়ে জাতি আতংকিত। মান কীভাবে বাড়ানো যায় তা সমন্বিতভাবে ভাবতে হবে।
“মাধ্যমিক পর্য়ায়ে শিক্ষার্থীদের যে সিলেবাস দেওয়া হচ্ছে তা খুবই কঠিন। এভাবে শিক্ষাকে কঠিন করে সাজানোর আইডিয়া কাদের”?
এসময় তিনি এমসিকিউর পরিবর্তে ছোট ছোট উত্তরভিত্তিক প্রশ্ন তৈরির বিষয়ে গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সিপিডির রিচার্স ফেলো তৌফিকুল ইসলাম খান মূল প্রবন্ধে বলেন, “আমাদের বাজেটে শিক্ষা খাতের বরাদ্দ জিডিপির বিপরীতে আনুপাতিকহারে দিন দিন কমছে। ইউনেস্কাসহ বিশ্ব সংস্থাগুলো মনে করে শিক্ষার জন্য প্রত্যেক দেশের জিডিপির ৬ ভাগ বরাদ্দ দেওয়া উচিত।
“সেখানে আমাদের বরাদ্দ মাত্র ২ শতাংশের কিছু বেশি; বাজেটের ৮ ভাগ।”
দেশের শিক্ষার মান বাড়ানোর জন্য এই বরাদ্দ আরও বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
