বিচারক অপসারণ প্রক্রিয়া নিয়ে আইনের খসড়া অনুমোদন
অসদাচরণের জন্য উচ্চ আদালতের কোনো বিচারকের বিরুদ্ধে তদন্ত ও তাকে অপসারণের প্রক্রিয়া নির্ধারণ করে তৈরি আইনের খসড়ায় সম্মতি দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিচারক (তদন্ত) আইন’ এর খসড়া নীতিগত অনুমোদন পায়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, “সংবিধানের দায়বদ্ধতা থেকে এ আইন করা হচ্ছে। মূলত বিচারপতিদের অসদাচরণ ও অসামর্থ্যের বিষয়টি আইনে রাখা হয়েছে।”
তিনি বলেন, সুপ্রিম কোর্টের বিচারকদের বিরুদ্ধে অভিযোগ এলে তার তদন্ত হবে এ আইনের মাধ্যমে।
তদন্তে কোনো বিচারকের অসদাচরণ বা অসামর্থ্য প্রমাণিত হলে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে।
এরপর সংসদের দুই তৃতীয়াংশ সদস্যের ভোটে যে সিদ্ধান্ত গৃহীত হবে, সেটি যাবে রাষ্ট্রপতির কাছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “রাজনীতি বিদ্বেষপ্রসূত কোনো বিষয় নয়। বিচারক হয়েও যদি অবিচারকসুলভ কাজ করেন, তার তদন্ত হবে।”
কোনো বিচারকের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করলে খসড়া আইনে দুই বছরের জেল ও ৫ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে বলেও জানান সচিব।
“বিচারপতিদের যেন কোনো অসম্মান না হয়- সেই সুরক্ষা আইনে নিশ্চিত করা হয়েছে।”
তিনি বলেন, “বিচারপতিদের সাথে আলোচনার সুযোগ রয়েছে, এরপর চূড়ান্ত অনুমোদনের জন্য আইনটি মন্ত্রিসভায় আসবে।”
বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে ২০১৪ সালের ১৮ অগাস্ট সংবিধান সংশোধনের প্রস্তাবে সায় দেয় মন্ত্রিসভা। এরপর ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধন বিল সংসদে পাস হয়।
এর ফলে ‘অসদাচরণ ও অসামর্থ্যের’ অভিযোগ প্রমাণিত হলে বিচারকের অপসারণ ক্ষমতা সংসদের হাতে যায়, যে ক্ষমতা স্বাধীনতার পর চার বছর পর্যন্ত আইন প্রণেতাদের হাতে ছিল।
উচ্চ আদালতের অপসারণ প্রক্রিয়া কী হবে, তা ঠিক করে আইন কমিশন গত মার্চে নতুন এই আইনের খসড়া তৈরি করে।
১৯৭২ সালে সংবিধান প্রণয়নের সময় উচ্চ আদালতের বিচারকদের পদের মেয়াদ নির্ধারণ ও তাদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ছিল। ১৯৭৫ সালে সংবিধানের চতুর্থ সংশোধনের মাধ্যমে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত হয়।
২০১২ সালে তৎকালীন স্পিকার ও বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের একটি রুলিংকে কেন্দ্র করে কয়েকজন সংসদ সদস্য হাই কোর্টের একজন বিচারপতিকে অপসারণের দাবি তোলেন। সে সময়ই বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে আনার দাবি জোরালো হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়ার পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেন।
তদন্ত প্রক্রিয়া
মন্ত্রিপরিষদ সচিব জানান, কোনো বিচারকের বিরুদ্ধে অসদাচারণ ও অসামর্থ্য সম্পর্কিত অভিযোগ জাতীয় সংসদের স্পিকারের কাছে লিখিতভাবে দাখিল করতে হবে।
“দাখিলকৃত অভিযোগে সংশ্লিষ্ট বিচারকের অসদাচারণ বা অসামর্থ্যের বিস্তারিত বিবরণ উল্লেখ করতে হবে। অভিযোগের নিচে অভিযোগকারীকে হলফনামা দিতে হবে যে, জ্ঞান ও বিশ্বাসমতে অভিযোগ সত্য।”
অভিযোগকারীকে অভিযোগের উৎস সম্পর্কেও তথ্য দিতে হবে জানিয়ে শফিউল বলেন, সেখানে কীভাবে অভিযোগ সম্পর্কে জানলেন- তা বিস্তারিতভাবে জানাতে হবে।
কোনো বিচারপতির বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর স্পিকার ওই অভিযোগের সত্যতা তদন্তে ১০ জন এমপিকে নিয়ে একটি কমিটি করে সেখানে অভিযোগ পাঠাবেন।
“সাংসদদের এই কমিটি গোপনীয়তা রক্ষা করে ৭ দিনের মধ্যে অভিযোগের প্রাথমিক সত্যতা নিরূপন করবে।
“প্রাথমিকভাবে সত্যতা না পেলে স্পিকার তা ক্লোজ করে দেবেন। আর সত্যতা পেলে স্পিকারকে লিখিতভাবে প্রতিবেদন দিতে হবে।”
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “প্রতিবেদন পর্যালোচনার পর জাতীয় সংসদের গোপন বৈঠক হবে। বৈঠকে উপস্থিত সংখ্যাগরিষ্ঠ সদস্যরা সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পর্কে তদন্ত করার প্রয়োজন মনে করলে তিন সদস্যের একটি কমিটি করা হবে।”
এই কমিটিতে কোনো এমপিকে রাখা হবে না জানিয়ে তিনি বলেন, সাবেক প্রধান বিচারপতি বা আপিল বিভাগের একজন সাবেক বিচারপতি এই কমিটির চেয়ারম্যান হবেন। সাবেক অ্যাটর্নি জেনারেল এবং সম্ভ্রান্ত নাগরিক বা আইননজ্ঞ কমিটেতে থাকবেন।
কমিটিতে থাকার জন্য সাবেক অ্যাটর্নি জেনারেলের বয়স ৬৭ গ্রহণযোগ্য হলেও অন্যদের ৬৭ বছরের বেশি হতে হবে জানিয়ে শফিউল বলেন, এই কমিটির সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়নি।
“তিন সদস্যের এই কমিটির সংখ্যাগরিষ্ঠদের সিদ্ধান্তই কমিটির সিদ্ধান্ত বলে গণ্য হবে। কমিটি তদন্ত করতে সাক্ষ্য ও দলিল উপস্থাপনের জন্য বলাসহ বিভিন্ন কার্যক্রম করতে পারবে।”
কোনো বিচারপতির বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ গোপনীয়ভাবে তদন্ত করা হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “এরপর চার্জ ফ্রেম করা হবে। ১০ দিনের মধ্যে আত্মপক্ষ সমর্থনের জন্য অভিযুক্তকে সুযোগ দিতে হবে। তার বক্তব্য শোনার পরে উনারা যদি মনে করেন ভিত্তি নেই তবে স্পিকারের কাছে প্রতিবেদন দাখিল করবেন। ভিত্তি থাকলে সেটাই সংসদের বৈঠকে উপস্থাপন করা হবে এবং প্রতিলিপি বিচারকের কাছে পাঠানো হবে।”
তিনি বলেন, “সুপ্রিম কোর্টের হাই কোর্ট ও আপিল বিভাগের বিচারপতিদের সম্মানজনক এক্সিটের একটা ব্যবস্থার বিধান আইনে রাখা হয়েছে। এখানে বিচারপতিদের কোনোরকম যেন অসম্মান না হয়- সেই সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।
“আমেরিকা, অস্ট্রেলিয়া, ভারতসহ উন্নত দেশগুলোতে বিচারকদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত প্রক্রিয়াটা আইনের মাধ্যমে পরিচালিত হয়। তাদের ফাইনাল ইমপিচমেন্ট প্রক্রিয়া সংসদ করে থাকে। শুধু পাকিস্তান ছাড়া অন্য কোথাও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের উদাহরণ নেই।
“সংবিধান সংশোধনের জন্য যেমন কঠিন বিধান আছে, একজন বিচারপতিকে অপসারণের জন্যও সেরকম আনুষ্ঠানিকতা রয়েছে। এখানে রাজনৈতিক বিদ্বেষপ্রসূত কোনো বিষয় নেই।”
শফিউল বলেন, “যারা অসদাচারণ অর্থাৎ, বিচারক হয়েও যদি অবিচারকসুলভ কাজ করেন, বিচারকের ভাবমূর্তি বা অবস্থানকে স্পর্শ করে- সেই বিষয় নিয়ে তদন্ত হবে। কেউ ভিত্তিহীন বা অসত্য অভিযোগ করলে কমপক্ষে দুই বছরের জেল, পাঁচ লাখ টাকা জরিমানা হবে।
“কাজেই এমনি অভিযোগ করে কেউ পার পাবে না, ভিত্তিহীন অভিযোগের কোনো সুযোগ নেই। অভিযুক্ত অভিযোগকারীকে জেরা করতে পারবেন, উকিল নিয়োগ করতে পারবেন।”
এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “বিচার বিভাগের স্বাধীনতা খর্বের কোনো বিষয় নেই। একজন নাগরিক তো তার সংক্ষুব্ধতা জানাতে পারেন। প্রেসিডেন্টকেও ইমপিচ করার সিস্টেম আছে। প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার জন্য ইমপিচ করার বিধান আছে।
এই সিস্টেমটা বিচারপতিদের জন্য ভিন্ন রকম ছিল- সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নামে ছিল, কার্যত কিন্তু অনেক সময় দেখা গেছে এজলাসে বসা অবস্থায় ইমপিচ করা হয়েছে, বলা হয়েছে আপনি আর নাই।”
তিনি বলেন, “এটি খুবই ব্যালেন্স ও নির্দোষ একটি আইন। ইমপিচ করার পদ্ধতি অত সহজ নয়, আইনটি বেশ সুলিখিত।”
