২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানা প্লাজা ট্র্যাজেডি: বিচার চেয়ে মানববন্ধন

রানা প্লাজার নিহত শ্রমিক পরিবারের সদস্যদের অর্থিক সহযোগিতা ও দোষীদের বিচার দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে কয়েকটি সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2016, 09:31 PM

Updated : 11 Oct 2022, 08:07 PM

রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশন, জাতীয় মানবাধিকার সমিতি ও ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল।

মানববন্ধনে বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তাহমিনা বলেন, “২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসের ঘটনা ও নিহত শ্রমিকদের দায় বিল্ডিং ও গার্মেন্টস মালিকদের পাশাপাশি ভবন তৈরির অনুমোদনের সঙ্গে সংশ্লিষ্ট কেউ এড়াতে পারেন না।”

২৪ এপ্রিল শ্রমিক শোক দিবস ও কারখানা ছুটির দাবি জানান সংগঠনের সভাপতি মো. তৌহিদুর রহমান।

যেসব পরিবার এখনও সহযোগিতা পায়নি, তাদের রানা প্লাজা ট্রাস্ট ফান্ড থেকে অর্থিক সহযোগিতা দেওয়ার দাবি জানায় ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল নামে সংগঠনের নেতারা।

তাদের মানববন্ধনে অংশ নিয়ে আন্তর্জাতিক বিধান অনুসারে দেশের শ্রম আইন সংশোধন করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

অপর এক মানববন্ধনে জাতীয় মানবাধিকার সমিতির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির বলেন, “শ্রম আন্দোলন শক্তিশালী করতে পারলে এবং মালিকরা দায়িত্বশীল হলে রানা প্লাজার মত দুর্ঘটনা আর হবে না।