ঢাকা-চট্টগ্রাম চার লেইন উদ্বোধনে কয়েক মাস সময় চাইলেন মন্ত্রী
চার লেইনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আগামী মে মাসে উদ্বোধন হবে- গত ফেব্রুয়ারি মাসে এ কথা বললেও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এখন বলছেন, এ কাজে আরও কয়েক মাস সময় প্রয়োজন।
রোববার সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেইনের কাজ প্রায় শেষ পর্যায়ে। ফাইনাল লেয়ারের কাজ চলছে এবং বিউটিফিকেশনের কাজও চলছে।
“ফাইনাল লেয়ারের কাজ চলছে। ২/৩ মাসের মধ্যে শেষ হবে। উদ্বোধনের জন্য মাত্র কয়েকমাস সময়ের প্রয়োজন।”
এর আগে গত ১ ফেব্রুয়ারি মন্ত্রী কাদের সংসদে বলেছিলেন, প্রধানমন্ত্রী মে মাসে ঢাকা-চট্টগ্রাম চার লেইনের মহাসড়ক উদ্বোধন করবেন।
চট্টগ্রামের সংসদ সদস্য তরীকত ফেডারেশেনের নেতা নজিবুল বশর মাইজভান্ডারী চার লেইনের কাজ শেষ হওয়া নিয়ে মন্ত্রীকে প্রশ্ন করেছিলেন।
ওবায়দুল কাদের বলেন, এই মহাসড়কের ১২০ কিলোমিটারের মধ্যে দাউদকান্দি থেকে চট্টগ্রাম সিটি গেইট পর্যন্ত ১৪টি বাইপাসের কাজ শেষ হয়েছে। প্রথম লেয়ারের কাজ ১৯২ কিলোমিটার হয়ে গেছে। ফেনী ও কুমিল্লায় রেল ওভারপাস করা হয়ে গেছে।
২০০৫ সালের ২৬ ডিসেম্বর একনেক সভার চূড়ান্ত অনুমোদন পাওয়া এ প্রকল্পের কাজ ২০০৬ সালের জানুয়ারিতে শুরু করে ২০১২ সালের জুন মাসে শেষ করার কথা ছিল।
এরপর দুই দফা মেয়াদ বাড়িয়েও তা শেষ করতে না পেরে সম্প্রতি তৃতীয় দফায় প্রকল্পে সংশোধনী আনা হয়।
প্রায় এক দশকেও কাজ শেষ না হওয়ায় ব্যবসায়ীসহ বিভিন্ন মহলে অসন্তোষও রয়েছে।
গত জানুয়ারি পর্যন্ত এ প্রকল্প বাস্তবায়নে বাস্তব অগ্রগতি হয়েছে ৮১ শতাংশ, এ পর্যন্ত খরচ হয়েছে ২ হাজার ৫৪৩ কোটি ৭৫ লাখ টাকা।
প্রকল্পটির মূল ব্যয় ধরা হয়েছিল ২ হাজার ১৬৮ কোটি টাকা। সে হিসাবে প্রকল্পের ব্যয় মূল থেকে বাড়ছে ৭৬ শতাংশ।
গত ১৬ ফেব্রুয়ারি একেনেক তৃতীয় দফা সংশোধনের পর এ প্রকল্পের ব্যয় বেড়ে হয়েছে প্রায় ৩ হাজার ৮১৭ কোটি টাকা। এর মধ্যে প্রায় ৬২৭ কোটি টাকা নতুন করে বরাদ্দ দেওয়া হচ্ছে।
নতুন করে দুই বছর মেয়াদ বাড়িয়ে ২০১৬ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য ঠিক করা হয়েছে।
সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করছেন সওজের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান।
পদ্মা সেতু সম্পর্কে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নিয়ে আমাদের অতিকথন থেকে বিরত থাকতে বলেছেন। দুই মাস পরপর আপডেট দিতে বলেছেন। তাই কথা কম বলতে চাই। কাজ বেশি করতে চাই।”
পদ্মা সেতু প্রকল্পের সামগ্রিক কাজের ৩৩ ভাগ অগ্রগতি হয়েছে জানিয়ে বলেন, “এর চেয়ে বেশি কথা না বলাই ভালো।”
অবৈধ দখলে রেলের ৪ হাজার একর জমি
জাতীয় পার্টির সদস্য সালমা ইসলামের প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী মুজিবুল হক জানান, বর্তমানে রেলওয়ের চার হাজার ৩৯১ দশমিক ৩৯ একর ভূমি অবৈধ দখলে রয়েছে।
এরমধ্যে পূর্বাঞ্চলে প্রায় এক হাজার ৪ দশমিক ১২ একর এবং পশ্চিমাঞ্চলে তিন হাজার ৩৮৭ দশমিক ২৭ একর।
মন্ত্রীর তথ্য অনুযায়ী, সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্তৃক অবৈধ দখলে থাকা রেলভূমির পরিমাণ ৯২২ দশমিক ৩৪ একর। বেসরকারি প্রতিষ্ঠান বা বিভিন্ন ব্যক্তির অবৈধ দখলে রয়েছে তিন হাজার ৩৭৮ দশমিক ২২ একর। ধর্মীয়/শিক্ষা প্রতিষ্ঠানের অবৈধ দখলে ৯০ দশমিক ৮৩ একর।
২০১৫ সালের অক্টোবর থেকে ২০১৬ সালের ১৬ মার্চ পর্যন্ত রেলওয়ের উভয় অঞ্চলে মোট ১৩২ দশমিক ১৯ একর জমি দখলমুক্ত করা হয়েছে বলে সংসদে জানান মন্ত্রী।
রেলের ভাড়ার সঙ্গে মান বাড়ানোর কী পদক্ষেপ রয়েছে, তা জানতে চান চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ সদস্য গোলাম রাব্বানী।
জবাবে মুজিবুল হক বলেন, “সড়ক ও নৌযান এবং বিমানের ভাড়া বিভিন্ন সময়ে বাড়ানো হলেও সেই তুলনায় রেলের ভাড়া বাড়েনি। তাই রেলের ভাড়া সহনীয় পর্যায়ে বাড়ানোর পাশাপাশি যাত্রীসেবার মান বাড়াতে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নেওয়া হয়েছে। তাছাড়া রেলের রানিং টাইম কমিয়ে আনতে পুরাতন লাইন সংস্কার করা হচ্ছে।”
