ইপিজেড শ্রমিকদের ইউনিয়ন করার অধিকার, মজুরি বোর্ড প্রতিষ্ঠায় বিল উত্থাপন
ইপিজেড শ্রমিকদের ইউনিয়ন করার অধিকার, মজুরি বোর্ড, বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা দিতে ‘বাংলাদেশ ইপিজেড শ্রম বিল-২০১৬’ সংসদে উত্থাপন করা হয়েছে।
রোববার প্রস্তাবিত আইনটি সংসদে তোলেন সংসদ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী।
পরে বিলটি ১৫ কার্যদিবসের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
গত ১৫ ফেব্রুয়ারি বিলটির চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। এর আগে ২০১৪ সালের ৭ জুলাই ইপিজেড শ্রম আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা।
বিলে বলা হয়েছে, ইপিজেডে অবস্থিত কোন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকরা শ্রমিক কল্যাণ সমিতি করতে চাইলে প্রতিষ্ঠানের ৩০ ভাগ শ্রমিককে ইপিজেড কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। আবেদনকারীদের মধ্যে ভোটের ব্যবস্থা করা হবে এবং তাদের মধ্যে ৫০ ভাগ সমিতি করার পক্ষে ভোট দিলে সমিতি অনুমোদন পাবে।
এই সমিতি শিল্প প্রতিষ্ঠানের যৌথ দর-কষাকষির এজেন্ট হবে বলে প্রস্তাবিত আইনে বলা হয়েছে।
প্রস্তাবিত আইন অনুযায়ী শ্রমিকরা অবসর সুবিধা, মৃত্যু ও দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ, বাধ্যতামূলক গ্রুপ ইন্সুরেন্স, ভবিষ্য তহবিল, অর্জিত ছুটির নগদায়ণ, পূর্ণ বেতনের সমান হারে বছরে দুটি উৎসব বোনাস এবং ১৬ সপ্তাহের প্রসূতি কল্যাণ সুবিধা পাবেন।
প্রস্তাবিত আইন অনুযায়ী ইপিজেডের শ্রমিকরা বার্ষিক ১০ শতাংশ বেতন বৃদ্ধির সুবিধা পাবে।
শ্রম মন্ত্রণালয়ের ন্যূনতম মজুরি বোর্ড সব ধরনের শ্রমিকদের জন্য যে মজুরি কাঠামো ঠিক করে দেয়, এতোদিন সেই কাঠামোতেই বেতনভাতা পেয়ে আসছিলেন ইপিজেডের শ্রমিকরা। আইনটি প্রণয়ন করা হলে ইপিজেডের শ্রমিকদের জন্য একটি স্থায়ী মজুরি বোর্ড গঠন করা হবে।
বিলে বলা হয়েছে, শ্রমিক ও বিনিয়োগকারীদের প্রতিনিধি ছাড়াও নিরপক্ষে উৎস থেকে প্রতিনিধি নিয়ে এই স্থায়ী মজুরি বোর্ড গঠন করা হবে। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান এই বোর্ডের প্রধান হবেন।
এ আইনের আওতায় ইপিজেডের শ্রমিকদের অবসরের বয়স হবে ৬০ বছর। ২৫ বছর চাকরি পূর্ণ হলে একজন শ্রমিক অবসর সুবিধা প্রাপ্য হবেন।
খসড়া আইন অনুযায়ী কর্মরত অবস্থায় মারা গেলে দুই লাখ টাকা এবং সম্পূর্ণ অক্ষম হয়ে গেলে সোয়া দুই লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন শ্রমিকরা।
বিলের ও উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মতিয়া চৌধুরী বলেন, “ইপিজেএডস্থ শিল্প প্রতিষ্ঠানে শ্রমিক নিয়োগ, মালিক ও শ্রমিকদের মধ্যে সম্পর্ক, সর্বনিম্ন মজুরির হার নির্ধারণ, মজুরি পরিশোধ, কার্যকালে দুর্ঘটনাজনিত কারণে শ্রমিকদের জখমের জন্য ক্ষতিপূরণ, স্বাস্থ, নিরাপত্তা ইত্যাদি বিষয়ে বিধান প্রণয়নের উদ্দেশ্যে এবং ইপিজেড শ্রমিক কল্যাণ সমিতি ও শিল্প সম্পর্ক বিষয়ক বিদ্যমান আইন সংশোধন ও সংহকরণকল্পে আইনটি প্রণয়নের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।”
