মিরপুরে গুলি করে ছিনতাই
রাজধানীর মিরপুর কমার্স কলেজের সামনের রাস্তায় এক বিকাশ এজেন্টকে গুলি করে ‘পাঁচ লাখ’ টাকা কেড়ে নিয়ে বোমা ফাটিয়ে পালিয়েছে ছিনতাইকারীরা।
গুলিবিদ্ধ আজিজুল হাকিম সুমন (২৭) গাবতলীর ‘শুভ্র ট্রেড ইন্টারন্যাশনাল’ নামের একটি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুভ্র ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক জামিল হোসেন ঢাকা মেডিকল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, সকালে বিভিন্ন দোকান থেকে বিকাশের টাকা সংগ্রহ করে কমার্স কলেজের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় এক যুবক সুমনের গতিরোধ করে।
“পরে আরও তিন-চারজন মিলে সুমনের সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে সুমনের পায়ে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে কয়েকটি হাতবোমা ফাটিয়ে তারা পালিয়ে যায়।”
ব্যাগে প্রায় পাঁচ লাখ টাকা ছিল বলে সুমন হাসপাতালে সাংবাদিকদের জানিয়েছেন।
হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, “সুমনের ডান পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে। তার চিকিৎসা চলছে।
