২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানা প্লাজার পাঁচ বিষয়ের সমাধান মেলেনি: সিপিডি

রানা প্লাজা ট্র্যাজেডির তিন বছরেও নিখোঁজ শ্রমিক, আহত শ্রমিকদের চিকিৎসা ও পুনঃকর্মসংস্থান এবং আর্থিক সহায়তা বা ক্ষতিপূরণসহ পাঁচটি বিষয় নিষ্পত্তি হয়নি বলে দাবি করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2016, 11:10 PM

Updated : 12 Apr 2022, 01:54 AM

দেশের তৈরি পোশাক খাতের বড় দুর্ঘটনার তিন বছর পূর্তির আগে সিপিডি পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

শনিবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে ‘অন রি-ইমার্জিং ফ্রম দ্য রানা প্লাজা ট্র্যাজেডি: অ্যান অ্যাকাউন্ট অন দ্য থার্ড অ্যানিভার্সারি’ শীর্ষক সেমিনারে ওই গবেষণার প্রতিবেদন থেকে এসব তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী যে পাঁচটি বিষয় নিষ্পত্তি হয়নি সেগুলো হলো- নিখোঁজ শ্রমিক, আহত শ্রমিকদের চিকিৎসা, তাদের নতুন করে কর্মসংস্থান, আর্থিক সহায়তা বা ক্ষতিপূরণ এবং ঘটনার আইনি প্রক্রিয়া।

২০১৩ সালের ২৪ এপ্রিল ভয়াবহ রানা প্লাজা ধসে সেখানে থাকা পাঁচটি তৈরি পোশাক কারখানার শ্রমিকসহ ১১০০ জনের বেশি প্রাণ হারায়। ধ্বংসস্তুপের নিচের পড়ে গুরুতরভাবে আহত ও পঙ্গু হওয়ার পাশাপাশি নিখোঁজ হন অনেকেই।

সেমিনারের মূল প্রবন্ধে সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক গোলাম মোয়াজ্জেম বলেন, “রানা প্লাজা দুর্ঘটনায় এখনও ৫৫ জন নিখোঁজ রয়েছেন। আহত শ্রমিকদের স্বাস্থ্য সমস্যার উন্নতি হলেও বড় অংশ ঝুঁকিতে রয়েছে।

“আহত শ্রমিকদের প্রায় ৮০ ভাগ শারীরিক সমস্যায় রয়েছেন, ১৫ শতাংশ শ্রমিকের শরীরে ব্যথা রয়েছে এবং তাদের পক্ষে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া কষ্টসাধ্য,” বলেন তিনি ।

গোলাম মোয়াজ্জেম বলেন, “৪৮ শতাংশের পুরোপুরি কর্মসংস্থান হয়নি, পুনঃনিয়োগে হয়েছে মাত্র ২১ শতাংশের।

“রানা প্লাজা দুর্ঘটনার পর তিন হাজার ৬৩২টি কারখানা পরিদর্শন করা হয়েছে। কিন্তু এখনও ৯০৯টি কারখানা পরিদর্শনের বাইরে রয়েছে,” যোগ করেন তিনি ।

সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান বলেন, “বিল্ডিং কোড না মেনে যারা ভবন তৈরি করছেন, তাদের বিরুদ্ধে কঠোর হতে হবে প্রশাসনকে। উৎপাদন ব্যবস্থাসহ কারখানার চারপাশের পরিবেশের নজরদারি ব্যবস্থা জোরদার করতে হবে।

“পাশাপাশি উৎপাদন ব্যবস্থায় শ্রমিকদের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে। সম্ভব হলে শ্রমিকদের মালিকানায় অংশীদারিত্ব করতে হবে। একই সঙ্গে বৈশ্বিক অর্থনীতির ব্যবস্থায় গুরুত্ব দিয়ে পণ্যের মূল্য সমন্বয় করতে হবে।”

অর্থনীতির এই শিক্ষক বলেন, “বর্তমানে বাংলাদেশের পোশাক কারখানা থেকে ৫ ডলারের কেনা একটি পণ্য ২৫ ডলারে বিক্রি হচ্ছে। এর মাঝের ২০ ডলার কোথায় যাচ্ছে তার সমাধান করতে হবে। তা না হলে রানা প্লাজার মতো দুর্ঘটনা বন্ধ হবে না।”

যুক্তরাষ্ট্রের দূত মার্শা বার্নিকাট বলেন, “শ্রমিকদের নৈপুণ্যের কারণে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে বাংলাদেশি পোশাক। আর এর উপর ভিত্তি করেই তৈরি পোশাক খাত বিস্তার লাভ করেছে।”

নেদারল্যাল্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেথ বলেন, “পৃথিবীর সব থেকে আদর্শিক ও ভালো কারখানাগুলোর বেশ কয়েকটি বাংলাদেশে অবস্থিত। তবে বিশ্বব্যাপী এটির খুব একটা প্রচারণা নেই।”

সেমিনারে অংশ নেওয়া শ্রমিক নেতারা বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের এ পর্যন্ত যতটা অর্থ সহযোগিতা দেওয়া হয়েছে তার পুরোটাই কোনো না কোনো ক্রেতা গোষ্ঠী বা সংস্থার অনুদান বা সাহায্য।

‘প্রকৃত অর্থে যাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা’- এখন পর্যন্ত তাদের কাছ থেকে কোনো ক্ষতিপূরণ পাওয়া যায়নি বলে অভিযোগ তাদের।

কার কাছ থেকে কীভাবে ক্ষতিপূরণ আদায় করা হবে তার একটি সুনির্দিষ্ট নীতিমালা চান শ্রমিক নেতারা।

সেমিনারে প্রকাশিত প্রতিবেদনটি রানা প্লাজা নিয়ে সিপিডির পঞ্চম প্রতিবেদন ।

সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে শ্রম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম, শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার, সিপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক মুস্তাফিজুর রহমান, ব্যারিস্টার সারাহ হোসেন বক্তব্য রাখেন।

এছাড়া ইউএস, নেদারল্যান্ডস, ফ্রান্স, স্পেন, সুইডেন ও নরওয়ের রাষ্ট্রদূত, ডেনমার্ক, আইএলও, অ্যাকর্ড, অ্যালায়েন্স প্রতিনিধি ও শ্রমিক নেতারাও বক্তব্য রাখেন।