২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান শিক্ষককে ‘কুপিয়েছে আ. লীগ নেতার ছেলে’

রাজধানীর আদাবর থানা এলাকার শেখেরটেকে এক স্কুলের প্রধান শিক্ষককে কুপিয়ে আহত করার অভিযোগ এসেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ছেলের বিরুদ্ধে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2016, 02:27 PM

Updated : 20 Aug 2022, 12:31 PM

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শেখের টেক ৬ নম্বর রোডে প্রতিভা ইনস্টিটিউট নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক প্রণব কুমার সরকারকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করা হয়।

তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এই হামলার অভিযোগে ঢাকার ১০০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সানাউল্লার ছেলে রানা, রাব্বী ও নয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ। রানাই হামলা চালিয়েছিল বলে শিক্ষকদের অভিযোগ।  

ওই শিক্ষা প্রতিষ্ঠানের  শিক্ষক মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় কয়েকজন যুবক তাদের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এসে ক্রিকেট খেলার উসিলায় মেয়েদের উত্ত্যক্ত করত।

শনিবারও ওই যুবকরা খেলা শুরু করলে প্রধান শিক্ষক প্রণব কুমার বেরিয়ে ক্লাস চলার সময় না খেলতে ওই যুবকদের মানা করে দেন।

“কিছুক্ষণ পরই ওই যুবকদের একজন রানা গেইটের কাছে প্রধান শিক্ষককে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।”

প্রণব সরকারের বুক, গাল, হাত, চোখসহ শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়। তার শরীরের বিভিন্ন স্থানে রগ কেটেছে বলে চিকিৎসকদের উদ্ধৃত করে শিক্ষক মশিউর জানান।

ঘটনার পরপরই প্রতিভা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভে নামলেও পরে পুলিশ তাদের বুঝিয়ে শান্ত করে।

আদাবর থানার ওসি শাহিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“ঘটনার পরপরই পুলিশ রানাকে ধরতে অভিযানে নামে। প্রথমে সানাউল্লাহ এবং তার দুই ছেলে রাব্বী ও নয়নকে আটক করে রানাকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হয়।”

দুপুর ২টার দিকে ঢাকা উদ্যান থেকে রানাকে গ্রেপ্তারের পর সানাউল্লাহকে ছেড়ে দেওয়া হলেও ঘটনায় সংশ্লিষ্টতা  থাকায় রাব্বী ও নয়নকে ছাড়া হয়নি বলে জানান ওসি।

পুলিশ বলেছে, রানা এবং তার ভাইদের বখাটে হিসাবে কুখ্যাতি রয়েছে। রানার বিরুদ্ধে মাদক সেবন-বিক্রির অভিযোগও রয়েছে।