তনুর জন্য প্রতিবাদী গান
প্রতিবাদী গণসংগীতে কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সংস্কৃতিকর্মীরা।
দীর্ঘ সময়েও তনু হত্যার তদন্তে দৃশ্যমান কোনা অগ্রগতি না হওয়ায় সাংস্কৃতিক জোটের পাঁচ দিনব্যাপী প্রতিবাদ কর্মসূচির চতুর্থ দিন শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ছিল গণসংগীত সমন্বয় পরিষদের এই প্রতিবাদী আয়োজন।
বিভিন্ন প্রতিবাদী গানের সঙ্গে ‘তনু এবং তনুদের’ জন্য গাওয়া হয়- ‘প্রায় প্রতিদিন কত তনু হচ্ছে দেখ লাঞ্ছিত, হয় না বিচার তাই তনুদের বিচার নয় কি বাঞ্ছিত?’
আলোচনায় অংশ নিয়ে সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম বলেন, “তনুকে যেখানে হত্যা করা হয়েছে সবচে সুরক্ষিত এলাকা, সেনানিবাস। তার হত্যাকাণ্ড প্রমাণ করে দুর্বলের জন্য এই সুরক্ষিত জায়গাও নিরাপদ নয়।”
তিনি বলেন, “এতোদিনেও তনু হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারে কোনো অগ্রগতি না হওয়ায় আমাদের ধারণা, এ ঘটনায় হয়তো ক্ষমতাশালী কেউ জড়িত, তারা প্রভাবিত করছেন।”
দেশজুড়ে বিক্ষোভ-প্রতিবাদের মধ্যেই ময়নাতদন্তকারী চিকিৎসকরা ধর্ষণের আলামত না পাওয়ার কথা জানান। তবে তার আগেই আদালতের নির্দেশে তনুর লাশের দ্বিতীয়বার ময়নাতদন্ত হয়।
সেনানিবাসের মতো একটি সুরক্ষিত এলাকায় ক্যান্টনমেন্ট বোর্ডের একজন কর্মচারীর মেয়ে খুন হওয়ার পর এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
হাসান ইমাম বলেন, “সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাসহ বিভিন্ন ক্ষেত্রে এই দীর্ঘসূত্রতা আমরা দেখেছি। তনু হত্যার বিচারও এমন কোনোদিন হয়তো হবে, যেদিন অপরাধীদের কেউ বেঁচে থাকবে না।”
ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে দেশের মানুষের মনে শঙ্কা রয়েছে মন্তব্য করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম এই সংগঠক বলেন, “মুক্তিযুদ্ধ করে এরপর আমরা ভেবেছিলাম, দেশে আর কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা থাকবে না। কিন্তু স্বাধীন দেশে দেখলাম, আমরা পাকিস্তান আমল থেকেও বেশি সামাজিক নিরাপত্তাহীনতায় আছি।”
হাসান ইমাম জানান, আবৃত্তি সমন্বয় পরিষদের একটি অনুষ্ঠানে অংশ নিতে কয়েক মাস আগে তিনি কুমিল্লায় গিয়েছিলেন। আবৃত্তি, সংগীত ও নাট্যকর্মী তনুও উপস্থিত ছিলেন সেখানে।
“সোহাগী নাম রেখে অনেক আদর সোহাগে তাকে বড় করেছেন তার বাবা-মা। তারা কখনো ভাবেননি, তাদের আদরের সোহাগীর এই করুণ পরিণতি হবে।”
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ অনুষ্ঠানে বলেন, “তনু হত্যার পর হত্যাকাণ্ড নিয়ে অনেক সন্দেহ-অবিশ্বাস থাকলেও তদন্ত এখন একটি বিশেষ পর্যায়ে এসেছে। গোয়েন্দারা নিশ্চিত হয়ে বলেছেন, এই হত্যাকাণ্ড পরিকল্পিত এবং এর সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত।”
সেই দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানানোর পাশাপাশি এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
প্রতিবাদী অনুষ্ঠানের সভাপতি গণসংগীত সমন্বয় পরিষদের প্রধান ফকির আলমগীর বলেন, “তনু আমাদের বোন। এখন তনু প্রতিবাদের ভাষা। সেজন্য একমাস পরেও কেন্দ্রীয় শহীদ মিনারে তার জন্য এতো লোকের সমাবেশ।”
উদীচী শিল্পীগোষ্ঠী, ক্রান্তি শিল্পীগোষ্ঠী, ঋষিজ শিল্পীগোষ্ঠী, বহ্নিশিখা, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, স্ব-ভূমি লেখক শিল্পীকেন্দ্রের শিল্পীরা এ আয়োজনে গণসংগীত পরিবেশন করেন।
অন্যদের মধ্যে গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহসভাপতি ঝুনা চৌধুরী, আবৃত্তি সমন্বয় পরিষদ সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ, গণসংগীত সমন্বয় পরিষদের সম্পাদকমণ্ডলীর সদস্য মানজার চৌধুরী সুইট ও ফকির সিরাজ অনুষ্ঠানে বক্তব্য দেন।
