২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের তৈরি শিল্পকর্ম কিনলেন প্রধানমন্ত্রী

রানা প্লাজার ধস থেকে বেঁচে যাওয়া পোশাক শ্রমিকদের হাতে তৈরি একটি ভাস্কর্য কিনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2016, 01:07 AM

Updated : 11 Oct 2022, 08:07 PM

রানা প্লাজা ধসের তৃতীয় বছরপূর্তিকে সামনে রেখে কয়েকজন নারী শ্রমিকের হাতে তৈরি ভাস্কর্য নিয়ে বৃহস্পতিবার ঢাকার বেঙ্গল আর্ট লাউঞ্জে চার দিনব্যাপী এক প্রদর্শনীর আয়োজন করে ডেনমার্ক, সুইডেন ও নরওয়ের সমন্বিত নরডিক দূতাবাস।

সকালে ব্র্যাক প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ এবাং মানবাধিকার কর্মী সুলতানা কামাল প্রদর্শনীর উদ্বোধন করেন।

এই প্রদর্শনীর ভাস্কর্য বিক্রি থেকে আসা অর্থ রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ঢাকার নরডিক দূতাবাসের নেওয়া একটি প্রকল্পে ব্যয় করা হবে।

২০১৩ সালের ২৪ এপ্রিল ভয়াবহ এই ভবন ধসে ১১০০ জনের বেশি প্রাণ হারায়। ধ্বংসস্তুপের নিচের পড়ে গুরুতরভাবে আহত ও পঙ্গু হন অনেকেই।

এর মধ্যে আহত কয়েকজন নারীকে ভাস্কর্য তৈরি শেখানো হয়। এসব ভাস্কর্য বিক্রির অর্থ কাজে লাগানো হবে ‘মিনা’ নামের ওই প্রকল্পে, যার মাধ্যমে রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্ত নারীরা নিজেরাই নিজেদের আয়ের পথ তৈরি করে নিতে পারবে।

প্রদর্শনীর আয়োজকরা জানান, প্রধানমন্ত্রী এই প্রকল্পে আগ্রহ দেখিয়েছেন এবং একটি ভাস্কর্য কিনে নিয়েছেন।

ইউরোপের দেশগুলো বাংলাদেশের তৈরি পোশাক খাতের প্রধান ক্রেতা। সেখানে এ দেশের তৈরি পোশাক খাত শুল্কমুক্ত প্রবেশের সুবিধাও পেয়ে থাকে।