কৌশল নিয়েও রক্ষা পেলোনা ‘মাদক জুম্মন’
মাদকসহ প্রাইভেট কার নিয়ে এক থানার পুলিশের হাতে ধরার পর কৌশলে ঘটনাস্থল থেকে সরে গিয়ে আরেক থানায় কথিত চালকের বিরুদ্ধে ওই গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ করেছিলেন এক ব্যক্তি; কিন্তু এতেও তার শেষ রক্ষা হয়নি।
রাজধানীর খিলক্ষেত থানার পুলিশ প্রায় ছয় মাস আগে ওই প্রাইভেট কার আটক করলেও গাড়িটির সেই কৌশলী মালিক জুবায়ের হোসেন ওরফে ‘মাদক জুম্মন’কে সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গত বছরের ১০ অক্টোবরের এই ঘটনায় তদন্তের দায়িত্ব পেয়ে পিবিআই জুম্মনকে চিহ্নিত করে বলে জানান পুলিশের এই বিভাগের ঢাকা মহানগরে দায়িত্বরত বিশেষ পুলিশ সুপার আবুল কালাম আজাদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওইদিন খিলক্ষেত থানা পুলিশ ‘ঢাকা মেট্রো গ ১২-৪৬৬৪’ নম্বরের একটি প্রাইভেট কার আটক করে।
“পুলিশ গাড়ি থামানোর সংকেত দেওয়ার সঙ্গে সঙ্গে গাড়ি ফেলে রেখে আরোহীরা সবাই পালিয়ে যায়। পরে সেই গাড়ি থেকে ৩৩৬ ক্যান বিয়ার জব্দ করা হয়।”
পিবিআই কর্মকর্তা আজাদ জানান, এ ঘটনায় পরে খিলক্ষেত থানার পুলিশ ফারুখ শেখ, গাড়ির মালিক আব্দুল হক এবং অজ্ঞাত পরিচয় একজনকে আসামি করে মামলা করে।
চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি থানা পুলিশ শুধু ফারুখ শেখের নামে অভিযোগপত্র দেয়। ঠিকানা না পাওয়ায় গাড়ির কথিত মালিক আব্দুল হকসহ বাকিদের নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়।
পরে আদালতের নির্দেশে মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই।
আজাদ জানান, তদন্তকালে দেখা যায় এজাহারে গাড়ির মালিক হিসেবে যার নাম দেওয়া হয়েছে সেটি আসল মালিক নয়। গাড়িটির প্রকৃত মালিক জুবায়ের হোসেন ওরফে ‘মাদক জুম্মন’।
ঘটনার পরপর তিনি পালিয়ে কৌশল হিসেবে রমনা থানায় এসে শফিউল ইসলাম নামে একজনকে গাড়ি চালক হিসাবে উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। এতে বলা হয়, চালক শফিউল গাড়ি নিয়ে পালিয়ে গেছে, তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছেনা।
তদন্ত করতে গিয়ে পিবিআই মাদক জুম্মনের করা জিডির খোঁজ পায় বলে জানান পুলিশ কর্মকর্তা আজাদ।
তিনি বলেন, জিডিতে নাম জুবায়েত আহমেদ এবং মগবাজারের নয়াটোলার ঠিকানা উল্লেখ করা হয়েছিল; যা ছিল ভুল।
“এই মামলায় গাড়ির প্রকৃত মালিকের নাম ঠিকানা না পাওয়ায় এবং জিডির নাম-ঠিকানা ভুল থাকায় অপরাধীদের বের করতে বেশ হিমশিম খেতে হয়।
“পরে একটি ফোন নম্বরের সূত্র ধরে অনুসন্ধান চালিয়ে মগবাজার এলাকায় একটি ফ্ল্যাট থেকে সোমবার জুবায়েরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরই তিনি ওই গাড়িতে মাদক বহনের কথা স্বীকার করে।”
রাজধানীর বিভিন্ন এলাকার মাদক বহন করার জন্যই জোবায়ের গাড়িটি কিনেছিল জানিয়ে পিবিআই কর্মকর্তা আজাদ বলেন, “বিভিন্ন হোটেল, বার, ক্লাবে মাদক সরবরাহ করে বলেই তাকে সবাই ‘মাদক জুম্মন’ বলে ডাকে।”
জুবায়েরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।
