২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কেউ টাকা চাইলে পুলিশে দিন: শিক্ষা মন্ত্রণালয়

বিভিন্ন কাজের কথা বলে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তার নামে কেউ অর্থ দাবি করলে তাকে পুলিশে দেওয়ার পরামর্শ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 05:40 PM

Updated : 12 Apr 2022, 01:53 AM

শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, ভবন নির্মাণ, এমপিওভুক্তি, নতুন বিষয় খোলা, প্রকল্প অনুমোদনসহ বিভিন্ন কাজের কথা বলে একটি প্রতারক চক্র শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে অর্থ দাবি করছে বলে অভিযোগ পাওয়ার পর মন্ত্রণালয়ের এই পরামর্শ এসেছে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় বলছে, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, ভবন নির্মাণ, এমপিওভুক্তি, বিষয় খোলা, প্রকল্প অনুমোদন দেওয়া মন্ত্রণালয়ের রুটিন কাজ।

“নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে মন্ত্রণালয়ে এ ধরনের কাজ সম্পন্ন হয়। এসব সরকারি কাজের জন্য অর্থ আদায়ের কোনো বিধান নেই।”

শিক্ষা মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ বা এ ধরনের কাজের জন্য অর্থ নেন না উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো কর্মকর্তা কোনো কাজের জন্য অর্থ নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

“কেউ এ ধরনের কাজের কথা বলে অর্থ দাবি করলে তাকে নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানানো হচ্ছে।”