ধর্মঘটে অচল নদী বন্দরগুলো
নৌযান শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল হয়ে পড়েছে দেশের নদী বন্দরগুলো।
মজুরি বাড়ানোসহ ১৫ দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের ডাকে বুধবার রাত ১২টা থেকে শুরু হয়েছে এই ধর্মঘট।
নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম জানিয়েছেন, ঢাকার সদরঘাট থেকে কোনো রুটেই কোনো নৌযান চলাচল করছে না।
রাত ১২টা থেকে যাত্রীবাহী ও মালবাহী জাহাজ চলাচলও বন্ধ রাখা হয়েছে বলে জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি শুক্কুর মাহমুদ জানিয়েছেন।
চাঁদপুর, বরিশাল, বাগেরহাটসহ সংশ্লিষ্ট জেলাগুলো থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিরাও ধর্মঘটের কারণে নৌযান চলাচল বন্ধ থাকার কথা জানিয়েছেন।
এদিকে ঘাটে লঞ্চ না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। বিকল্প পথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করতে হচ্ছে তাদের।
নৌ-শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির পাশাপাশি সরকারি কর্মচারীদের মতো সুযোগ-সুবিধা দেওয়া, নৌ-পথে অবৈধ চাঁদাবাজি ও অবৈধ ইজারা বন্ধ করা, প্রত্যেক শ্রমিককে নিয়োগপত্র ও সার্ভিস বুক দেওয়া, নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, কর্মস্থলে আহত শ্রমিকের চিকিৎসা ব্যয় ও চিকিৎসাকালে বেতনের দাবি রয়েছে আন্দোলনকারীদের ১৫ দফার মধ্যে।
এসব দাবিতে গত এক বছরে কয়েক দফা ধর্মঘটের কর্মসূচি দিলেও সরকারের আশ্বাসে পরে আন্দোলন স্থগিত করে শ্রমিক সংগঠনগুলো।
২৬ জানুয়ারি নৌমন্ত্রী শাজাহান খানের সঙ্গে এ বিষয়ে বৈঠক করার কথা জানিয়ে তিনি বলেন, “তিনি তখন আমাদের একমাস সময় দিতে বলেছিলেন। কিন্তু আজ আমরা মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। সেখানে সমঝোতা না হওয়ায় এই কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।”
দাবি আদায় না হওয়া পর্যন্ত নৌযান শ্রমিকদের এই কর্মবিরতি ‘চলবে’ বলে জানান শাহ আলম।
ঢাকা
ঢাকার সদরঘাটে বিআইডাব্লিউটিএর পরিবহন পরিদর্শক সৈয়দ মাহজুর রহমান জানান, বুধবার সন্ধ্যায় দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা ৪৬ লঞ্চ বৃহস্পতিবার সকালে পন্টুনে ভিড়েছে। তবে কোনো লঞ্চ ছেড়ে যায়নি।
বড় ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সকালে চাঁদপুরের লঞ্চ ধরতে এসে বিপাকে পড়েন বিশ্ববিদ্যালয়ছাত্র কামরুল ইসলাম।
তিনি বলেন, “ঘটে এসে দেখি পুরো ঘাটে একটা লঞ্চও নাই। ধর্মঘটের কথা আগে জানতাম না। এখন তো বিপদে পড়ে গেলাম।”
চট্টগ্রাম
দেশব্যাপী নৌযান ধর্মঘটে চট্টগ্রামে লাইটার জাহাজ চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নবী আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, চট্টগ্রাম থেকে এক হাজার ৬০০ লাইটার জাহাজ চলাচল করে। ধর্মঘটের কারণে চট্টগ্রাম থেকে কোনো লাইটার জাহাজ ছাড়া হচ্ছে না।”
ধর্মঘটে কর্ণফুলী নদীর ১৬টি ঘাটে পণ্য খালাসও বন্ধ রয়েছে বলে জানান তিনি।
চাঁদপুর
নৌযান শ্রমিকদের ধর্মঘটের কারণে চাঁদপুর নৌ-বন্দরে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চাঁদপুর প্রতিনিধি জানান, সকাল থেকে ঢাকা, নারায়ণগঞ্জ, বরিশাল, খুলনা, ভোলাসহ কোনো রুটের কোনো লঞ্চ চাঁদপুর ছেড়ে যায়নি।
আগে থেকে জানা না থাকায় অনেক যাত্রী সকালে ঘাটে এসে লঞ্চ না পেয়ে ফিরে যান বলে জানান তিনি।
বরিশাল নৌ বন্দরের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, বরিশাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের সব ধরনের নৌযান চলাচল রাত ১২টা থেকে বন্ধ রেখেছেন আন্দোলনরত শ্রমিকরা।
এদিকে আন্দোলনরত শ্রমিকরা ধর্মঘটের সমর্থনে বৃহস্পতিবার সকালে নৌ বন্দরে বিক্ষোভ করেছেন বলে জানিয়েছেন আমাদের বরিশাল প্রতিনিধি।
বিক্ষোভে অংশ নেওয়া বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের বরিশাল শাখার সভাপতি শেখ আ. হাশেম জানান, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সহযোগী হিসেবে তারাও এ আন্দোলনে যুক্ত।
বাগেরহাট
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন মংলা শাখার কার্যকরী সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী জানান, মংলা বন্দরের লাইটারেজ, কার্গো, বার্জ, অয়েল ট্যাংকার, কোস্টারসহ সব ধরনের নৌযানের শ্রমিকরা ধর্মঘট পালন করছেন।
ফলে বন্দরে জাহাজ থেকে পণ্য ওঠানামা এবং নদীপথে নৌ চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
মংলা বন্দরের সহকারী ব্যবস্থাপক (ট্রাফিক) কাজী মোক্তাদির হোসেন বলেন, গ্যাস, ক্লিংকার, মেশিনারিজ ও কয়লাবাহী মোট ছয়টি জাহাজ মংলা বন্দরে অবস্হান করছে।
“ধর্মঘটের ফলে মাদার ভেসেল থেকে জেটিতে পণ্য আনা-নেওয়া এবং বিভিন্ন গন্তব্যে যাত্রী পরিবহন বন্ধ রয়েছে।”
ধর্মঘটের কারণে মংলা বন্দর থেকে নদীপথে সারাদেশে পণ্য পরিবহনেরও বড় ধরনের বিঘ্ন ঘটছে বলে জানান তিনি।
ভোলা
দেশের অন্যান্য নদীবন্দরের মতো ভোলা জেলাতেও বুধবার রাত ১২টা থেকে অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘট শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে ভোলার কোনো নদী বন্দর বা লঞ্চঘাট থেকে কোনো নৌ-যান না ছাড়ায় যাত্রীরা বিপাকে পড়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভোলা প্রতিনিধি জানিয়েছেন।
