এই রকম চক্রান্তে শফিক রেহমানের থাকা অসম্ভব: তালেয়া
কাউকে হত্যা করার মতো চক্রান্তে শফিক রেহমানের জড়িত হওয়া ‘অসম্ভব’ বলে মন্তব্য করে তার মুক্তি চেয়েছেন স্ত্রী তালেয়া রেহমান।
“ও কোনো দিন এতটুক রক্ত দেখতে পারত না। সেজন্য জীবনে ইনজেকশনও নিতে পারে না। তার শেষ জীবনে এসে তাকে এরকম একটা অভিযোগ! কাউকে হত্যার প্রচেষ্টা করছে! এটা অসম্ভব।”
সাংবাদিক শফিক রেহমানের মুক্তি দাবিতে বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সভায় একথা বলেন তালেয়া।
প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ ও প্রাণনাশের চক্রান্তের অভিযোগে বাংলাদেশ পুলিশের করা একটি মামলায় বিএনপিঘনিষ্ঠ সাংবাদিক শফিক রেহমানকে শনিবার গ্রেপ্তার করে পুলিশ।
৮১ বছর বয়সী শফিক রেহমান যায়যায়দিনের সাবেক সম্পাদক। আন্তর্জাতিক ভালবাসা দিবস বাংলাদেশে পালনের প্রচারক শফিক রেহমানের বিরুদ্ধে এই অভিযোগ ভিত্তিহীন বলে বিএনপির দাবি।
যুক্তরাষ্ট্রপ্রবাসী জয় সম্পর্কে তথ্য পেতে এফবিআইয়ের এক এজেন্টকে ঘুষ দেওয়ায় জাসাসের এক নেতার ছেলেকে সেদেশের আদালত শাস্তি দেওয়ার ঘটনায় এই মামলাটি হয়েছে।
রিমান্ডে শফিক রেহমান জাসাস নেতার ছেলে রিজভী আহমেদ সিজারের সঙ্গে বৈঠকের কথা স্বীকার করেছেন বলে পুলিশের দাবি। শফিক রেহমানের বাড়িতে তল্লাশি চালিয়ে তথ্য পাওয়ার দাবিও করেছে পুলিশ।
তালেয়া বলেন, “একেবারে মিথ্যা ও বানোয়াট কারণে শফিক রেহমানকে তুলে নেওয়া হয়েছে। যে মানুষটি ভালোবাসা দিবস প্রচলন করেছেন, দেশকে ভালোবেসেছেন, সেই মানুষটির ভাগ্যে এরকম অভিযোগ উঠল?
“এটা একেবারেই মিথ্যা। এত বড় মিথ্যা আমি সহ্য করতে পারছি না। পুলিশ যা বলছে, কাগজে যা আসছে, তা আমার ৬৯ বছরের সঙ্গে অপরিচিত।”
গ্রেপ্তার শফিক রেহমান
প্রখ্যাত শিক্ষাবিদ সাইদুর রহমানের ছেলে শফিক রেহমানের মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকা তুলে ধরে তালেয়া বলেন, “একাত্তরে অনেক কিছু করেছিল সে। বিদেশে সমস্ত মিডিয়াকে জানিয়েছিল যে কী অবস্থায় বাংলাদেশ ছিল। সেই কাজটি সে করেছে। এসব কাজের ফলেই আজকে এই বাংলাদেশ।”
স্বামীর মুক্তি চেয়ে তিনি বলেন, “তার বয়স হয়েছে, অসুস্থ। আমি চাই না উনি জেলে পচুক।”
বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে সঙ্কটজনক আখ্যায়িত করে ডেমক্রেসিওয়াচের নির্বাহী প্রধান তালেয়া বলেন, “এর বিরুদ্ধে যদি আমরা সকলে না জেগে উঠি, তাহলে আমাদের সকলের মরণ আছে।”
জয়ের দেশপ্রেম নিয়ে প্রশ্ন
শফিক রেহমানের গ্রেপ্তারের সমালোচনা করতে গিয়ে বঙ্গবন্ধুর নাতি সজীব ওয়াজেদ জয়ের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি সদস্য জাফরুল্লাহ চৌধুরী।
একাত্তরে জয়ের জন্মের কথা তুলে ধরে তিনি বলেন, “তখন প্রথম লাল গোলাপ নিয়ে শেখ হাসিনাকে অভিনন্দন কে জানিয়েছিল? তারাই বলুক সে কথাটা। আমি বলতে চাই না।
“উনি (জয়) আমাদের আইটি বিশেষজ্ঞ। এমনই আইটি বিশেষজ্ঞ যে আমার কোষাগার লুণ্ঠন হয়ে গেছে, উনি একবারও আসার প্রয়োজন বোধ করেননি। কারণ শরীরে রক্তের টানটা তো নেই। থাকেন বিদেশে। এদেশের সম্পদ নিয়ে বিদেশে বাড়ি-ঘর করেন, বিদেশে থাকেন। আরও অনেকে হয়ত থাকেন, কিন্তু তারা আর আমাদের বঙ্গবন্ধুর পরিবার তো ভিন্ন কথা।”
সজীব ওয়াজেদ জয় (ফাইল ছবি)
‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ে তোলার মূল কৃতিত্ব যুক্তরাষ্ট্রপ্রবাসী তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ জয়কেই দিয়ে আসছেন আওয়ামী লীগের নেতারা। তিনি মা শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা হিসেবেও কাজ করছেন।
জাফরুল্লাহ বলেন, “বাংলাদেশে ইন্টারনেট-ওয়েবসাইট আছে। সাড়ে ৮% একটা চাঁদা উঠানো হয়। এর নাম হলো মার্কেট ডেভেলপমেন্ট সারচার্জ (এমডিএস)। সেটা বাংলাদেশের দেখাশুনা করেন আমাদের দরবেশ সালমান এফ রহমান। উনি বাংলাদেশ অংশের। আমেরিকার অংশের কে আছেন, আমি জানি না?
“শফিক রেহমান যদি সেই খোঁজটা নেওয়ার চেষ্টা করে থাকে, সে তো দেশপ্রেমিকের কাজটাই করেছেন। যেটা আমি করতে ভয় পাই, সেই কাজটাই উনি অনুসন্ধান করতে চেয়েছেন। আজকে আমার কোষাগার লুট হয়ে গেল, আইটির দায়িত্বে কে ছিলো? উনি ছিলেন। উনার নিচে কে ছিলেন। একজন ভারতীয় আইটি বিশেষজ্ঞ।”
সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, “মনে রাখবেন- জেলের শফিক রেহমানের ক্ষমতা হয়ত বাইরের শফিক রেহমানের চেয়ে বেশি হয়ে যেতে পারে।”
সরকারের ‘নতজানু’ পররাষ্ট্র নীতির কারণে বাংলাদেশের উপর ভারতীয় আধিপত্য চলছে বলেও দাবি করেন বিএনপি সমর্থক পেশাজীবীদের এই নেতা।
শফিক রেহমানকে নিয়ে ডেইলি স্টারে প্রকাশিত সংবাদদের সমালোচনাও করেন জাফরুল্লাহ।
“মাহফুজ আনাম আজকের পত্রিকায় কী লিখেছে? ৭৭টি মামলার আসামি হওয়ার পরও মাহফুজ আপনি শিখলেন না? লিখে দিয়েছেন, শফিক রেহমান স্বীকার করেছেন। অবশ্য পরে লিখেছেন এটা পুলিশের রিপোর্ট। একটু করে সন্দেহ রেখেছে।”
অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীর একটি বক্তব্য ঘিরে তার বিরুদ্ধে প্রধান বিচারপতি এস কে সিনহার পদক্ষেপও প্রত্যাশা করেন আদালত অবমাননার একটি ঘটনায় দোষি সাব্যস্ত জাফরুল্লাহ।
