২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উদয়নের ছাত্র নাদিমকে ক্লাস করতে বাধা নয়: হাই কোর্ট

রাজধানীর উদয়ন উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রকে মারধরের অভিযোগ তদন্ত করে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানাতে বলেছে হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2016, 03:54 PM

Updated : 12 Apr 2022, 01:53 AM

আদালতের আদেশ পাওয়ার ত্রিশ দিনের মধ্যে উদয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষকে এই প্রতিবেদন দিতে হবে।

পাশাপাশি মারধরের শিকার অষ্টম শ্রেণির ছাত্র জামিউল ইসলাম নাদিম যাতে কোনো ধরনের বাধা ছাড়াই স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারে- তার ব্যবস্থা নিতে অধ্যক্ষকে নির্দেশ দিয়েছে আদালত।

সংবাদমাধ্যমে আসা প্রতিবেদন বিবেচনায় নিয়ে বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. সেলিমের অবকাশকালীন হাই কোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ ও রুল দেয়।

মঙ্গলবার একটি জাতীয় দৈনিকে ‘উদয়ন উচ্চবিদ্যালয়ে ছাত্র মারধরের ঘটনা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বুধবার প্রতিবেদনটি আদালতের গোচরে আনেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার আবু খালেদ আল মামুন।

এ সময় রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যটর্নি জেনারেল এ এস এম নাজমুল হক ও সহকারী অ্যাটর্নি জেনারেল এ আর এম হাসানুজ্জামান আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালত আদেশ দেয়।

রুহুল কুদ্দুস জানান, ছাত্র প্রহারের ওই ঘটনার তদন্ত করে দোষী শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছে রুলে।

শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ঢাকার জেলা প্রশাসক, কলেজের অধ্যক্ষ ও পরিচালনা পর্ষদের সভাপতিকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।   

ওই শিক্ষার্থীকে ক্লাস করতে দেওয়া হচ্ছে না জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “জামিউল ইসলাম নাদিম যাতে বাধা ছাড়াই স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারে সে বিষয়েও অধ্যক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।”

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ১৩ এপ্রিল অষ্টম শ্রেণির কাকাতুয়া শাখার শিক্ষার্থীরা স্কুলের চতুর্থ তলায় জাকির হোসেন নামের এক শিক্ষকের কাছে অংক ক্লাস করছিল। ওই সময় জাওশেদ আলম নামে আরেক শিক্ষক নাদিমকে ক্লাসের বাইরে ডেকে নিয়ে বেদম মারধর করেন।

নির্যাতনের শিকার শিক্ষার্থীর মাকে উদ্ধৃত করে ওই পত্রিকায় বলা হয়, “স্কুলের গভর্নিং বডির একজন সদস্য আমাকে বলেছেন, তিনি চাইলে আমার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢোকা বন্ধ হয়ে যাবে। একটি ‘সামান্য’ ইস্যু নিয়ে আমরা নাকি রাজনীতি করছি।”

মা জানান, তার ছেলের গায়ের ব্যথা কমলেও মানসিকভাবে সে আতঙ্কের মধ্যে রয়েছে। পরিবারের পক্ষ থেকে তাকে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক ছাত্রীকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, “জাওশেদ স্যার ওকে জানালার কাছে দাঁড় করিয়ে বেদম মারপিট করে। মনে হচ্ছিল উনি চাইছিলেন আমরাও যেন দেখি। কেউ কেউ ভয়ে কেঁদে ফেলে। আমাদের ক্লাস টিচার ওকে একটা দরখাস্ত লিখতে সাহায্য করে। এরপর আমরাও একটা দরখাস্ত লিখে সিগনেচার নিই। আমরা যারা কাজটা করছিলাম, কাল (রোববার) প্রিন্সিপাল আমাদের ডেকে ভয় দেখিয়েছে। আমরাও খুব ভয়ে আছি।”

বিদ্যালয়ের অধ্যক্ষ উম্মে সালেমা বেগমকে উদ্ধৃত করে পত্রিকাটি লিখেছে, “অংকের শিক্ষক অষ্টম শ্রেণির এক ছাত্রকে পিটিয়েছেন। তিনি অন্যায় করেছেন। তবে কোন অবস্থার পরিপ্রেক্ষিতে এতো জনপ্রিয় শিক্ষক হঠাৎ উত্তেজিত হয়ে উঠলেন সেটাও দেখতে হবে।”

‘কিছু হলেই’ উদয়ন থেকে শিক্ষার্থীদের ‘বের করে দেওয়া’ হয় বলেও অভিভাবকদের উদ্ধৃত করে লেখা হয়েছে ওই প্রতিবেদনে। তবে অধ্যক্ষ উম্মে সালেমা বেগম তা অস্বীকার করেছেন।

পুরনো খবর:

যশোরের মাদ্রাসা থেকে শিকল-তালা পায়ে নিয়ে পালিয়ে মাগুরায়