মসজিদের ‘টাকার ভাগ ও ক্ষমতার লোভে’ মুয়াজ্জিন হত্যা
পুরান ঢাকার ইসলামপুরের ঝব্বু খানম মসজিদের মুয়াজ্জিন বিল্লাল হোসেনকে তার সহকর্মীরাই ‘অর্থের ভাগ ও ক্ষমতার লোভে’ হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
বিল্লালকে খুন করতে এর আগেও দুই দফা চেষ্টা হয়, তবে দুইবারই বেঁচে গিয়েছিলেন ৫৭ বছর বয়সী এই মুয়াজ্জিন।
গত ২৮ বছর ধরে বিল্লাল পুরান ঢাকার ইসলামপুরের ওই মসজিদে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ৪ এপ্রিল মসজিদের সিঁড়িতে তার রক্তাক্ত লাশ পাওয়া যায়।
ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- মসজিদের জুনিয়ার মুয়াজ্জিন মোশারফ হোসেন (২৩), খাদেম মো. হাবিবুর রহমান (২০), বিল্লালের বন্ধু হাফেজ সরোয়ার হালিম (২২) ও হাফেজ তোফাজ্জল হোসেন (২৩)।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক পারভেজ হোসেন জানান, সরোয়ারকে হত্যাকাণ্ডের পরপরই ৫৪ ধারায় আটক করেছিল পুলিশ। মোশারফ হোসেনকে সোমবার রাতে নেত্রকোণায় তার গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এরপর তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থেকে তোফাজ্জাল এবং মঙ্গলবার রাতে নড়াইল থেকে হাবিবকে গ্রেপ্তার করা হয়।
“মসজিদের নিয়ন্ত্রণ ও টাকার ভাগের লোভে খাদেম হাবিবের প্ররোচনা ও পরিকল্পনায় বিল্লালকে হত্যা করা হয় বলে গ্রেপ্তার বাকিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমাদের জানিয়েছে,” বলেন তদন্ত কর্মকর্তা।
মুয়াজ্জিন বিল্লাল মসজিদের তৃতীয় তলার একটি কক্ষে থাকতেন। ৪ এপ্রিল ভোরে ফজরের সময় ইমাম নামাজ পড়াতে এসে সিঁড়িতে বিল্লালের লাশ দেখে থানায় খবর দেন।
কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) মো. মওদুদ আহমেদ সেদিন জানিয়েছিলেন, বিল্লালের বুকে তিনটি এবং পিঠ ও হাতে একটি করে ছুরিকাঘাতের চিহ্ন পেয়েছেন তারা। যে ঘরে বিল্লাল থাকতেন, সেটি তালা দেওয়া অবস্থায় ছিল।
গ্রেপ্তার মোশারফ জিজ্ঞাসাবাদে দাবি করেছেন, খুনের সময় তিনি তৃতীয় তলায় নিজের কক্ষে ছিলেন। বিল্লালের চিৎকার শুনতে পেলেও ঘটনাস্থলে ছিলেন না। তবে তার কাছ থেকেই হত্যা পরিকল্পনার বিষয়ে বিশদ তথ্য পাওয়া যায় বলে তদন্ত কর্মকর্তা জানান।
মোশারফ পুলিশকে বলেছেন, ছয় মাস আগে ছয় হাজার টাকা মাসিক বেতনে তিনি ওই মসজিদে চাকরি নেন। আর খাদেম হাবিব ওই মসজিদে কাজ করছিলেন তিন বছর ধরে, তার বেতন মাসে সাড়ে ৫ হাজার টাকা।
হাবিব খাদেমের কাজ করলেও তাকে, বিল্লাল ও মোশারফকে এলাকার মানুষ মুয়াজ্জিন হিসেবে চিনতো। পড়ালেখা শেষ না করায় হাবিবের পক্ষে কখনও প্রধান মুয়াজ্জিন হওয়া সম্ভব ছিল না। এ কারণে তার মধ্যে হতাশা ছিল বলে মোশারফ পুলিশকে জানিয়েছেন।
তদন্ত কর্মকর্তা বলেন, “বিল্লালকে হত্যা করতে পারলে মোশারফকে মুয়াজ্জিন বানানো হবে, আর মসজিদের আয়ের টাকা তারা ভাগ করে নেবেন। এমন লোভ দেখানোর পরই মোশারফ ওই পরিকল্পনায় রাজি হন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।”
তিনি বলেন, “মোশারফ ও হাবিবের সঙ্গে বিল্লালের ধর্মীয় মতাদর্শেরও বিরোধ ছিল বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে। তবে অর্থ ও ক্ষমতার লোভই এ হত্যার পেছনের মূল কারণ।”
মহানগর পুলিশের লালবাগ জোনের উপ কমিশনার মফিজ উদ্দিন আহমেদ বুধবার দুপুরে ঢাকায় পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এক ব্রিফিংয়ে চারজনকে গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।
তিনি বলেন, ঝব্বু মসজিদের নিচের দুটি ফ্লোরে ৩৩টি দোকান থেকে প্রতিমাসে ৪২ হাজার টাকা ভাড়া আসে। এছাড়া মসজিদের দানবাক্স থেকেও আয় হয়। বিল্লাল বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়েও বাড়তি রোজগার করতেন।
“মসজিদের কর্মীদের বেতন দেওয়ার পর অতিরিক্ত টাকা বিল্লাল নিজের অ্যাকাউন্টে জমা রাখতেন এবং বাইরের লোকের কাছে লাভে খাটাতেন। খাদেম হাবিব ও দ্বিতীয় মুয়াজ্জিন মোশাররফ মসজিদে বিল্লালের এই একক আধিপত্য মেনে নিতে পারছিলেন না। এ কারণেই তাকে হত্যার পরিকল্পনা করা হয়।”
মফিজ উদ্দিন বলেন, হাবিব, মোশারফ ও তোফাজ্জল কেরানীগঞ্জের একটি মসজিদে বসে বিল্লালকে হত্যার প্রাথমিক পরিকল্পনা করেন। বিল্লাল সুদের বিনিময়ে সরোয়ার হালিমকে টাকা দিয়েছিলেন। সারোয়ারও এ হত্যা পরিকল্পনায় যোগ দেন। বিল্লালকে মারার পর সরোয়ারের হাতে থাকা টাকা ভাগ করে নেওয়ার রফা হয়েছিল।
‘যেভাবে’ হত্যা
কীভাবে সেই হত্যাকাণ্ড ঘটেছিল- তার একটি বিবরণ জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সাংবাদিকদের সামনে হাজির করেছেন উপ কমিশনার মফিজ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, “মসজিদের খাদেম হাবিব অন্য আসামিদের সঙ্গে পরামর্শ করে দুই মাস আগে চকবাজার থেকে ধারালো চাকু কিনে আনেন। পরিচয় গোপন রাখতে তারা মুখোশও কেনেন। হত্যার ঘটনার দুই দিন আগে হাবিব মসজিদ থেকে ছুটি নিয়ে নড়াইলের নড়াগাতিতে গ্রামের বাড়িতে চলে যান। বিন্তু পরিকল্পনা অনুযায়ী একদিন পর তিনি ঢাকায় ফিরে কেরানীগঞ্জে অবস্থান নেন।
“ঘটনার রাতে হাবিব ঝব্বু মসজিদে এসে বিল্লালের ফেরার জন্য অপেক্ষা করতে থাকেন। রাত ১১টার দিকে বিল্লাল এলে হাবিব তার সঙ্গে সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলায় ওঠেন। দোতলায় ওজু করে বিল্লাল তিন তলায় নিজের ঘরে যাওয়ার সময় সিঁড়ির মাঝখানে হাবিব তাকে এলাপাতাড়ি ছুরি মারেন। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়।
“হাবিব খুনের পর বিল্লালের পকেট থেকে ছয় হাজার টাকা, ঘরের চাবি ও মোবাইল ফোন নেন। পরে তিন তলায় উঠে মোশারফকে দুই হাজার টাকা দেন। এরপর রাত ১১টার দিকে বের হয়ে বাবুবাজার সংলগ্ন ড্রেনে ছুরিটি ফেলে দেন।”
এই হত্যা পরিকল্পনায় আরও একজনের নাম এসেছে বলে তদন্ত কর্মকর্তা পারভেজ জানালেও গ্রেপ্তারের আগে তার পরিচয় প্রকাশ করতে রাজি হননি তিনি।
